ঠাকুরগাঁওয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ, উৎসবে মুখর পহেলা বৈশাখ
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ঠাকুরগাঁওয়ে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন দিনব্যাপী নানা সাংস্কৃতিক, কৃষিভিত্তিক ও ঐতিহ্যবাহী আয়োজনে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে শহরের আদালত চত্বরের বটতলায় প্রভাতি অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণের সূচনা হয়। স্থানীয় সাংস্কৃতিক সংগঠন নিক্বণ সংগীত বিদ্যালয়ের শিল্পীরা রাগভৈরবীসহ নানা পরিবেশনার মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানান।
সকাল থেকে পুরো অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, লোকগান, ভাওয়াইয়া ও আবৃত্তিতে। লাল-সাদা পোশাকে সজ্জিত নারী-পুরুষের অংশগ্রহণে তৈরি হয় এক বর্ণিল ও উৎসবমুখর পরিবেশ।
প্রভাতি আয়োজন শেষে জেলা প্রশাসনের উদ্যোগে বের হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।
এ ছাড়া দিনব্যাপী বৈশাখী মেলা, গ্রামীণ খেলাধুলা এবং নানা সাংস্কৃতিক আয়োজন চলমান রয়েছে। মেলায় কুমারপাড়াগুলোতে তৈরি মাটির পণ্যের সমারোহ দেখা যায়, যেখানে বৈশাখী রঙে ফুটে ওঠে বাংলার ঐতিহ্য ও গ্রামীণ জীবনের চিত্র।
আয়োজক ও অংশগ্রহণকারীরা জানান, পহেলা বৈশাখ কেবল একটি উৎসব নয়, এটি বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও ঐক্যের প্রতীক। পুরনো বছরের দুঃখ-গ্লানি ভুলে নতুন বছরের স্বপ্ন ও প্রত্যাশায় পথচলার অঙ্গীকারই এই উৎসবের মূল বার্তা।
২০৭ বার পড়া হয়েছে