সর্বশেষ

সারাদেশ

চিতলমারীতে দু'পক্ষের সংঘর্ষে নিহত ১, পুড়ল অর্ধশতাধিক ঘরবাড়ি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট
স্টাফ রিপোর্টার, বাগেরহাট

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ৫:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের চিতলমারী উপজেলায় মধুমতি নদীর চরের জমি দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশ্বাস গ্রুপ ও শেখ গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

দফায় দফায় সংঘর্ষ, হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে অন্তত ৪০টি বাড়িঘর ও দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় রাজিব শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২৫ জন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার চিংগড়ী গ্রামে এ সহিংসতা চলে। পরে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার দুপুর পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সরেজমিনে দেখা যায়, চিতলমারী-পাটগাতি সড়কের চিংগড়ী ও মচন্দপুর গ্রামের মাঝামাঝি এলাকায় সড়কজুড়ে ইট-পাটকেল ছড়িয়ে আছে। একপাশে শেখপাড়া, অন্যপাশে বিশ্বাসপাড়া—দুই পক্ষের বাড়িঘরেই আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের চিত্র। বহু পরিবার সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, বিকেলে আরিফ শেখ নামের এক যুবক মোটরসাইকেলে যাওয়ার সময় বিশ্বাস পরিবারের লোকজন তাকে আঘাত করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়। সন্ধ্যার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সংঘবদ্ধভাবে হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, কয়েকশ লোক অংশ নিয়ে বাড়িঘরে ভাঙচুর, লুটপাট এবং পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

ক্ষতিগ্রস্ত লিয়াকত শেখ বলেন, “আগুন দিয়ে আমাদের সবকিছু শেষ করে দিয়েছে। এখন কী খাব, কোথায় থাকব কিছুই জানি না।”

মনোয়ারা বেগম জানান, তার পক্ষাঘাতগ্রস্ত স্বামীকে নিয়ে তিনি অসহায় অবস্থায় আছেন। ঋণ করে কেনা খাদ্যশস্যও আগুনে পুড়ে গেছে। অন্যদিকে জয়নব বেগম অভিযোগ করেন, ঘর মেরামতের জন্য নেওয়া ঋণের টাকা ও গৃহপালিত পশুও হামলায় নষ্ট হয়েছে।

এদিকে পাল্টা হামলার আশঙ্কায় বিশ্বাস পরিবারের সদস্যরা তাদের মূল্যবান মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। তারা দাবি করছেন, শেখ পরিবারের পক্ষ থেকে প্রতিশোধমূলক হামলার হুমকি দেওয়া হচ্ছে।

স্থানীয়দের মতে, মধুমতি নদীর চরের জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর আগেও এই বিরোধে একাধিকবার সংঘর্ষ এবং প্রাণহানির ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনায় সৌরভ বিশ্বাস (১৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত রাজিব শেখের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন বলেন, “এ ঘটনায় একজন নিহত ও বহু ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

চিতলমারী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল ওয়াদুদ জানান, চারটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে শুরুতে বাধার মুখে পড়ায় আগুন নেভাতে দেরি হয়েছে।

১৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন