সর্বশেষ

সারাদেশ

গ্লোবাল সামিটে ডা. জুবাইদা রহমান: প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে অঙ্গীকার

ওয়াশিংটন প্রতিনিধি
ওয়াশিংটন প্রতিনিধি

বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
দুই দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থান করছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’-এ অংশ নিতে তার এই সফর।

মঙ্গলবার ও বুধবার (২৪ ও ২৫ মার্চ) অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের চল্লিশের অধিক ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীরা অংশ নেন। শিশুদের কল্যাণ, শিক্ষা ও সম্ভাবনা উন্নয়নে উচ্চপর্যায়ের এই সম্মেলনকে একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ডা. জুবাইদা রহমান বলেন, একজন চিকিৎসক হিসেবে তিনি প্রতিটি শিশুর জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিশুদের নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং বাংলাদেশের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

তিনি আরও বলেন, প্রতিটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের যত্ন, শিক্ষা ও মূল্যবোধের ওপর। বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল সমাজ গঠনে কাজ করছে, যেখানে পরিবারকে শক্তিশালী করা এবং শিশুদের সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করা অগ্রাধিকার পাচ্ছে।

শিক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও শিক্ষাপ্রযুক্তির সঠিক প্রয়োগ শিক্ষাব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। সরকার শিক্ষকদের জন্য ট্যাবলেট সরবরাহ, ডিজিটাল পাঠ্যক্রম চালু এবং মাল্টিমিডিয়া নির্ভর শ্রেণিকক্ষ গড়ে তুলতে কাজ করছে।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, নারীদের শিক্ষা ও কর্মসংস্থানে বাংলাদেশে একটি শক্তিশালী ভিত্তি রয়েছে। বর্তমান সরকার নারীদের উচ্চশিক্ষা পর্যন্ত সুযোগ সম্প্রসারণে কাজ করছে।

সম্মেলনে অংশ নিয়ে ডা. জুবাইদা রহমান বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান। তিনি বলেন, প্রযুক্তি, শিক্ষা ও অংশীদারিত্বের মাধ্যমে শিশুদের জন্য একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

সম্মেলনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত একটি প্রদর্শনীও পরিদর্শন করেন তিনি। সেখানে শিশুদের শিক্ষার উন্নয়নে বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি উপস্থাপন করা হয়।

উল্লেখ্য, সফরসঙ্গী হিসেবে ডা. জুবাইদা রহমানের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং ব্যারিস্টার মেহনাজ মান্নান।

বুধবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত সমাপনী অধিবেশনেও তিনি অংশগ্রহণ করবেন।

২১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন