রাজশাহী সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ ঘিরে বিএনপির পাঁচ নেতার তৎপরতা
বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে ছয়টিতে ইতোমধ্যে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। তবে এখনও যেসব সিটিতে প্রশাসক নিয়োগ হয়নি, তার মধ্যে অন্যতম রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এ সিটিতে প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাদের মধ্যে শুরু হয়েছে জোর তৎপরতা।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহানগর বিএনপির অন্তত পাঁচজন প্রভাবশালী নেতা প্রশাসক হওয়ার প্রত্যাশায় দৌড়ঝাঁপ চালাচ্ছেন। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি ২০১৩ সালে মেয়র নির্বাচিত হলেও নানা জটিলতায় দায়িত্ব গ্রহণ করতে পারেননি; বরখাস্ত ও কারাবাসের ঘটনাও রয়েছে তার রাজনৈতিক জীবনে।
এ ছাড়া মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদও আলোচনায় আছেন। তিনি জানিয়েছেন, দল তাকে যোগ্য মনে করলে দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছেন। মহানগর বিএনপির সহসভাপতি ওয়ালিউল হক রানা সম্প্রতি ঢাকায় গিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা গেছে। মেয়র পদ কিংবা প্রশাসক—দুই ক্ষেত্রেই আগ্রহের কথা জানিয়েছেন তিনি।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, তিনি জনসেবার লক্ষ্যেই রাজনীতি করেন এবং এ বিষয়ে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত বলে মনে করেন। অন্যদিকে, আবুল কালাম আজাদ সুইট—যিনি একসময় রাজশাহী কলেজ ও মহানগর ছাত্রদলের নেতৃত্বে ছিলেন এবং পরে যুবদলে সক্রিয় হন—তিনিও প্রশাসক পদে আগ্রহ প্রকাশ করেছেন। তবে তিনি বুলবুলকে সম্মান জানিয়ে তার অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার কথাও বলেছেন।
তালিকাভুক্ত নেতাদের কেউ ঢাকায় অবস্থান করে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন, আবার কেউ রাজশাহীতে থেকেই হাইকমান্ডের সঙ্গে সমন্বয় করছেন। দলীয় সূত্রের দাবি, রাসিকে প্রশাসক পদে বিএনপির একজনকেই দায়িত্ব দেওয়া হতে পারে। ফলে সম্ভাব্য মেয়র নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি প্রশাসক পদ নিয়েও নেতাদের সক্রিয়তা বেড়েছে।
এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাই জল্পনা-কল্পনা অব্যাহত রয়েছে।
২৫৯ বার পড়া হয়েছে