মেক্সিকোর হিদালগোতে বারে সশস্ত্র হামলা: নিহত ৬, আহত অন্তত ১০
সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ ৪:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
মেক্সিকোর হিদালগো অঙ্গরাজ্যের তুলা শহরের একটি বারে সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় কমপক্ষে ছয়জন নিহত এবং দশজনের বেশি আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম রেডিও ফর্মুলা রোববার (৩১ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে জানানো হয়, ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত দুইজন তুলা ও তেপেখির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তুলা পৌর পুলিশ জানায়, দুইটি পিকআপে করে আসা অস্ত্রধারীরা কোনো ধরনের সতর্কতা ছাড়াই বারের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। হামলা শেষে তারা দ্রুত স্থান ত্যাগ করে।
ঘটনার পর ফেডারেল ও রাজ্য নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে এবং তল্লাশি চালায়। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
হিদালগো কর্তৃপক্ষের মতে, তুলা অঞ্চলটি দীর্ঘদিন ধরে জ্বালানিচোরাচালানকারী অপরাধী চক্রের সক্রিয় এলাকায় পরিণত হয়েছে। সম্প্রতি একটি কুখ্যাত কার্টেলের নেতাকে গ্রেপ্তারের পর স্থানীয় প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।
২০০৬ সালে দেশটিতে মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে মাদক-সংশ্লিষ্ট সহিংসতায় প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ হয়েছে ১ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ, যাদের অনেকের সন্ধান আজও মেলেনি।
৩১২ বার পড়া হয়েছে