ময়মনসিংহ মেডিকেলে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তদন্তের নির্দেশ
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ১০:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চরম অব্যবস্থাপনা, ময়লার ভাগাড়ে চিকিৎসা সরঞ্জাম ফেলে রাখা এবং কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিত না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। আকস্মিক পরিদর্শন শেষে এসব অনিয়মের দ্রুত তদন্তের নির্দেশ দিয়ে দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
শনিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল আকস্মিকভাবে পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনকালে তিনি হাসপাতালের লেবার ওয়ার্ড, হাম আইসোলেশন ওয়ার্ড ও ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার মান ও ওয়াশরুমের পরিবেশ পর্যালোচনা করেন।
হাসপাতালের নতুন ভবনের নিচতলায় ব্যবহৃত ক্যানুলা ও সিরিঞ্জসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জাম ময়লা-আবর্জনায় পড়ে থাকতে দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে এ অনিয়মের পেছনে দায়ীদের চিহ্নিত করতে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন।
পরিদর্শনকালে গাইনি ওয়ার্ডের এক রোগীকে বাইরে থেকে স্যালাইন কিনতে হওয়ার কারণ জানতে চেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। একই সঙ্গে সংশ্লিষ্ট রোগীকে ব্যক্তিগতভাবে এক হাজার টাকা অনুদান প্রদান করেন।
হাসপাতালে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের এক মাস পার হলেও তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। এর আগে সকালে ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদারের আশ্বাস দেন তিনি।
তিনি জানান, সারা দেশে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রায় ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আহ্বান করা হবে। এছাড়া পাঁচ হাজার নার্স নিয়োগ এবং রোবটিক সার্জারি ব্যবস্থা প্রবর্তনের পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে।
১২১ বার পড়া হয়েছে