বিশ্ববাজারে ছয় মাসের সর্বোচ্চ পর্যায়ে অপরিশোধিত তেলের দাম
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ৩:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠীর অব্যাহত হামলা এবং গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তাঝুঁকি বাড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। গত শুক্রবার ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ার পেছনে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তাকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে। সৌদি আরবকে লক্ষ্য করে হুথি সশস্ত্র গোষ্ঠীর ধারাবাহিক হামলা, লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ এবং হরমুজ প্রণালিতে দীর্ঘস্থায়ী অবরোধের আশঙ্কা বিশ্ব জ্বালানি বাজারে উদ্বেগ বাড়িয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে দাঁড়িয়েছে ১১৬ দশমিক ৭২ ডলারে। আগের দিন বৃহস্পতিবারের তুলনায় দাম বেড়েছে ৩ দশমিক ৫৫ ডলার, যা ৩ দশমিক ১৪ শতাংশের সমান।
একই দিনে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ১০৩ দশমিক ২৭ ডলারে। বৃহস্পতিবারের তুলনায় এ দাম বেড়েছে ৩ দশমিক ৮ ডলার বা ৩ দশমিক ৮ শতাংশ।
বাজার বিশ্লেষকদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গত ২৯ এপ্রিলের পর অপরিশোধিত তেলের বাজারে এমন উচ্চমূল্য দেখা যায়নি। সে সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক অভিযান এবং পাল্টাপাল্টি হামলা তীব্র আকার ধারণ করেছিল।
বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৬ শতাংশ। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ২ দশমিক ৩ শতাংশ।
এদিকে, কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবকে লক্ষ্য করে হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলা অব্যাহত থাকায় আঞ্চলিক জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব হামলার কারণে তেল উৎপাদন ও সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সংযুক্ত আরব আমিরাতে তেল ছড়িয়ে পড়ার ঘটনাও ওই অঞ্চলের জ্বালানি সরবরাহের ঝুঁকি নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।
তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ওয়াল স্ট্রিটের জ্বালানি খাতের সূচক ২ দশমিক ৫ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। তবে যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ারবাজার সূচকগুলো দিন শেষে পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে।
মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও দামের ওপর আরও চাপ তৈরি হতে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ নৌপথে চলাচল ব্যাহত হলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা বাড়ার আশঙ্কা রয়েছে।
১১০ বার পড়া হয়েছে