কপোতাক্ষ নদের রিং বাঁধ ভেঙে সাতক্ষীরায় জলাবদ্ধতা
শুক্রবার, ৩০ মে, ২০২৫ ৮:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের সুবেদখালী এলাকায় কপোতাক্ষ নদের পাশের উপকূল রক্ষা রিং বাঁধ ভেঙে অন্তত চার শতাধিক বিঘা মাছের ঘের প্লাবিত হয়েছে।
এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় মৎস্যচাষিরা।
বুধবার (২৮ মে) বিকেলে জোয়ারের প্রবল চাপে সুবেদখালী স্লুইস গেট সংলগ্ন এলাকায় প্রায় ২০ ফুট জায়গাজুড়ে এই রিং বাঁধ ধসে পড়ে। এর ফলে দরগাহপুর ও রামনগর গ্রামের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায়। ভেসে গেছে শতাধিক ছোট-বড় মাছের ঘের।
দুই দিন পেরিয়ে গেলেও এখনো বাঁধটি মেরামত করা সম্ভব হয়নি। ফলে প্রতিনিয়ত পানির প্রবাহে ক্ষতির মাত্রা বাড়ছে। স্থানীয়রা দ্রুত বাঁধ সংস্কারের দাবি জানালেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।
দরগাহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল বলেন, “বাঁধ ভেঙে যাওয়ার ফলে মূল বেড়িবাঁধ উপচে পানি লোকালয়ে ঢুকে পড়েছে। দ্রুত সংস্কার না হলে কাদাকাটি অঞ্চলসহ বিস্তীর্ণ এলাকাও প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।”
এ বিষয়ে আশাশুনি উপজেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, “এটি মূল ওয়াপদা বাঁধ নয়। নদী খননের সময় তৈরি করা অস্থায়ী একটি রিং বাঁধ। ইতোমধ্যে বাঁধ মেরামতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণা রায় জানান, “রিং বাঁধ ভেঙে যাওয়ার বিষয়টি জানার পরপরই সংশ্লিষ্ট দপ্তর ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং পাউবো কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে।”
স্থানীয়রা আশঙ্কা করছেন, আজ রাতের জোয়ার যদি আরও উচ্চমাত্রায় আসে, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
৪২৪ বার পড়া হয়েছে