সর্বশেষ

সারাদেশ

মোংলায় বিক্ষোভ মিছিল-সমাবেশে বিএনপির নেতাকর্মীর উপস্থিতি কম

রেজা মাসুদ, মোংলা
রেজা মাসুদ, মোংলা

সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬ ১২:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটের মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর বিএনপি। তবে পৌর মার্কেট চত্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে দলটির নেতা-কর্মীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। আয়োজনে উপজেলা বিএনপির নাম থাকলেও কর্মসূচিতে উপজেলা বিএনপির কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। পৌর মার্কেট চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, সাবেক যুগ্ম আহ্বায়ক বাবলু ভূঁইয়া এবং পৌর যুবদলের আহ্বায়ক ইমান হোসেন রিপন।

বক্তারা বলেন, অসংখ্য খুন ও গুমের ঘটনার পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দেশে ফিরে আসার শারীরিক ও মানসিক সক্ষমতা নেই। বিদেশে বসে তাঁর দেওয়া উসকানিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে।

তাঁরা আরও বলেন, বিএনপির নেতা-কর্মীরা ১৭ বছর রাজপথে আন্দোলন করেছেন। তাঁদের আন্দোলনের ধারাবাহিকতায় শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশ গভীর রাতে অলিগলি ও বাড়ি বাড়ি গিয়ে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি, হেনস্তা ও বিনা কারণে গ্রেপ্তার করেছে। অথচ বর্তমানে মোংলার বিভিন্ন এলাকায় পুলিশের উপস্থিতি দেখা যাচ্ছে না।

বক্তারা পুলিশের উদ্দেশে বলেন, পুলিশকে মাঠে নেমে আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টিকারীদের গ্রেপ্তার করতে হবে। এ ক্ষেত্রে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পুলিশের পাশে থাকবেন।

এদিকে বিক্ষোভ মিছিলের ব্যানারে পৌর ও উপজেলা বিএনপির নাম উল্লেখ থাকলেও কর্মসূচিতে উপজেলা বিএনপির কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি। মিছিলে পৌর বিএনপির অল্পসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। পৌর বিএনপির পদধারী নেতা ছিলেন মাত্র দুজন। পৌরসভার ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাদেরও উপস্থিতি ছিল না। এ ছাড়া বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরও দেখা যায়নি।

আয়োজকদের কর্মসূচিতে অংশ নেওয়া নেতা-কর্মীর সংখ্যা ছিল প্রায় ৫০ থেকে ৬০ জন। দলীয় কর্মসূচিতে এমন কম উপস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ও নানা গুঞ্জন চলছে।

এ বিষয়ে বিএনপির এক নেতা বলেন, প্রচার-প্রচারণা কম থাকায় কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতি কম হয়েছে।

অন্যদিকে কয়েকজন বিএনপি নেতা বলেন, দলের ভেতরে বিভাজন ও নেতাদের একাধিক গ্রুপিংয়ের কারণে সাধারণ কর্মীরা কোন পক্ষের সঙ্গে থাকবেন, তা বুঝতে পারছেন না। দলীয় কর্মসূচিতে নেতা-কর্মীদের কম উপস্থিতি অভ্যন্তরীণ গ্রুপিংয়েরই বহিঃপ্রকাশ।

তবে দলীয় বিভিন্ন কর্মসূচিতে মহিলা দলের নেত্রী ও কর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০