ডিসেম্বর ঘিরে হিলি সীমান্তে বিজিবির নজরদারি জোরদার
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে সীমান্তে গুজব, অস্থিতিশীলতা ও নাশকতামূলক তৎপরতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার জোরদার করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় দিনাজপুরের হিলি সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। পরিদর্শন শেষে হিলি চেকপোস্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় সেক্টর কমান্ডার বলেন, আগামী ডিসেম্বর মাসকে সামনে রেখে একটি মহল অস্থিতিশীল ও নাশকতামূলক পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে। তবে এখন পর্যন্ত এসব গুজবের কোনো বাস্তব প্রতিফলন ঘটেনি এবং এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতিরও সৃষ্টি হয়নি। সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সতর্ক এবং সক্রিয় রয়েছে।
তিনি বলেন, ডিসেম্বর আমাদের গৌরব ও বিজয়ের মাস। এ মাসকে কেন্দ্র করে কেউ যাতে সীমান্তের নিরাপত্তা বিঘ্নিত করতে বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে জন্য নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
সীমান্ত সুরক্ষায় বিজিবির সক্ষমতা বাড়ানোর বিষয়ে কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, নজরদারির জন্য আধুনিক থার্মাল ডিভাইস স্থাপন, ডগ স্কোয়াড মোতায়েন এবং উন্নত তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। পাশাপাশি ড্রোনের সাহায্যে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
সীমান্তের শান্তি, নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির এই সতর্ক অবস্থান ডিসেম্বর মাসজুড়েও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
১৩০ বার পড়া হয়েছে