পেনশন স্কিমে যুক্ত হবেন কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা: সমাজকল্যাণমন্ত্রী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৭:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
সরকারি চাকরিজীবীদের পাশাপাশি কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার ও প্রান্তিক জনগোষ্ঠীকে সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় আনতে চায় সরকার। এসব মানুষের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার সকালে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে দিনব্যাপী সর্বজনীন পেনশন মেলা-২০২৬ উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী।
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে পেনশন স্কিমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীকে এ ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে চায় সরকার। দিনাজপুরসহ সারা দেশে এ উদ্যোগ ছড়িয়ে দেওয়া গেলে কর্মজীবী মানুষের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
মন্ত্রী বলেন, জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে দেশের ৪৫টি ব্যাংকের সমঝোতা স্মারক রয়েছে। মাঝখানে এ উদ্যোগের কার্যক্রম কিছুটা স্থিমিত হয়ে পড়লেও এখন তা পুনরায় কার্যকর ও সফলভাবে বাস্তবায়নের চেষ্টা চলছে। এর মাধ্যমে মানুষের জীবনের শেষ পর্যায়ে আর্থিক সচ্ছলতা ও স্বস্তি বজায় রাখা সম্ভব হবে। পাশাপাশি সরকারের মানবিক বাংলাদেশ গড়ার উদ্যোগও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কৃষক, ক্ষুদ্র দোকানদার, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষকে পেনশন ব্যবস্থায় যুক্ত করতে সরকার কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর ‘সবার আগে বাংলাদেশ—অ্যান্ড আই হ্যাভ এ প্ল্যান’ স্লোগানের বাস্তব প্রতিফলন ঘটবে।
দিনব্যাপী এ পেনশন মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকসহ অন্তত ৩৭টি প্রতিষ্ঠান অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান, অর্থ বিভাগের যুগ্ম সচিব শরীফ নজরুল ইসলাম, দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাবিবুল হাসান।
এ ছাড়া উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি মোকাররম হোসেন ও হাসানুজ্জামান উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক বক্তিয়ার আহমেদ কচি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শেখ হাফিজুর রহমান।
১৫৮ বার পড়া হয়েছে