নড়াইলে ট্রলি খাদে পড়ে চালক নিহত
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৭:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইলে গরু বহনকারী একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ইকরামুল মোল্যা (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। শনিবার সকালে মাইজপাড়া-পোড়াডাঙ্গা-ধলগা সড়কের দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রলিতে থাকা দুটি গরুও আহত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের হোসেনপুর এলাকায় একটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইকরামুল মোল্যা যশোরের বাঘারপাড়া উপজেলার বহরমপুর গ্রামের মৃত আবুবক্কর মোল্যার ছেলে।
বহরমপুর গ্রামের সাকিল আহম্মেদ জানান, শনিবার সকালে ইকরামুল পাশের খলসি গ্রামের শওকতের বাড়ি থেকে দুটি গরু নিয়ে ট্রলিযোগে নড়াইল পৌরসভার গাড়ুচিরায় তাঁর মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে হোসেনপুর এলাকার একটি মোড়ে পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ইকরামুল গুরুতর আহত হন। ট্রলিতে থাকা গরু দুটিও আহত হয়।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. মেজবাহ আহম্মেদ শাওন জানান, হাসপাতালে নেওয়ার বেশ আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল।
নিহত ইকরামুল সৌদি আরবে থাকতেন। ছয় মাস আগে দেশে ফিরে তিনি গরু বহনকারী ট্রলি চালানো শুরু করেন। পরিবারে তাঁর স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
১০৪ বার পড়া হয়েছে