সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা, গুলিবর্ষণ

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রতিনিধি

শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৭:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির একটি উপকেন্দ্রে পরপর দুই দিন হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ শনিবার গভীর রাতে পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি এলাকায় অবস্থিত পবা-২ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ ও ফাঁকা গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এ ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বেড়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার (২৮ নভেম্বর) রাত দুইটার দিকে মতিহার থানার খড়খড়ি এলাকায় অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ উপকেন্দ্রে হামলার ঘটনা ঘটে। ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত সেখানে ঢুকে গানপাউডার ছিটিয়ে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং তিন রাউন্ড গুলি ছোড়ে। হামলার পরপরই তারা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

এ সময় তিনটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়। আরও চারটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। বিস্ফোরণের ফলে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। সেখানে দায়িত্বে থাকা লাইনম্যান ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পরে মতিহার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হামলার পর ওই উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের উপমহাব্যবস্থাপক (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল। তিনি জানান, আগের দিনের হামলার পর উপকেন্দ্রের নিরাপত্তা জোরদারে উদ্যোগ নেওয়া হয়েছিল। এ ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে এবং নিজস্ব নিরাপত্তাকর্মীর সংখ্যাও বাড়ানো হয়েছে।

সপ্তর্ষি পাল বলেন, আগের দিনও একই ধরনের ঘটনা ঘটেছিল। এরপর নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়। প্রথম দিন দুজন কর্মীকে নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছিল। পরদিন তাঁদের সংখ্যা বাড়িয়ে চারজন করা হয়। পুলিশ প্রশাসনকেও টহল ও দায়িত্ব বাড়ানোর অনুরোধ জানানো হয়েছিল।

তিনি আরও বলেন, হামলার সময় তাঁদের কর্মীরা পাহারায় ছিলেন। পুলিশকে খবর দেওয়ার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে দুর্বৃত্তরা অল্প সময়ের মধ্যে হামলা চালিয়ে পালিয়ে যায়।

নওহাটা সদর দপ্তরের লাইনম্যান মনির বলেন, পরপর দুই দিন হামলার ঘটনায় কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা রয়েছে। হামলাকারীদের মুখ বাঁধা ছিল বলে জানা গেছে।

তিনি বলেন, ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত কার্যালয়ে ঢুকে পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভান। পরপর দুই দিন এমন ঘটনার পর সেখানে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে। কর্মীরা নিজেদের নিরাপদ মনে করছেন না বলেও জানান তিনি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রথম দিন উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ করা হলেও আগুন লাগেনি। দ্বিতীয় দিন আবার হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে একটি পেট্রোল বোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। বিস্ফোরণের কারণে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। এ ঘটনায় থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, বিদ্যুৎ সরবরাহের মতো গুরুত্বপূর্ণ সেবাপ্রতিষ্ঠানে পরপর দুই দিন হামলার ঘটনায় তাঁদের কর্মপরিবেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে রাতে দায়িত্ব পালন করতে গিয়ে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ পরিস্থিতিতে পল্লী বিদ্যুৎ কার্যালয় ও উপকেন্দ্রগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা, পর্যাপ্ত পুলিশি পাহারা এবং নিয়মিত টহল জোরদারের দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০