নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, পুড়েছে একাংশ
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৫:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। আগুনে স্মৃতিস্তম্ভটির একাংশ পুড়ে কালো হয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে এবং দোকান খুলতে এসে তাঁরা জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার বিষয়টি দেখতে পান। তবে কারা বা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তাঁরা কিছু জানাতে পারেননি।
স্থানীয় ডিম ব্যবসায়ী আব্দুর রশিদ বলেন, সকালে ঘুম থেকে উঠে ওই এলাকায় যাওয়ার পর তিনি দেখতে পান, কে বা কারা জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে। যারা এ কাজ করেছে, তারা ঠিক করেনি। এটি অবশ্যই অন্যায়।
স্থানীয় চা-দোকানি খোকন বলেন, প্রতিদিনের মতো সকাল ছয়টার দিকে দোকান খুলতে এসে তিনি স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার বিষয়টি দেখতে পান। আগুনে স্মৃতিস্তম্ভটির একাংশ পুড়ে কালো হয়ে গেছে। তবে কারা এ কাজ করেছে, তা তিনি দেখেননি।
এ বিষয়ে নাটোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আব্দুস সামাদ শিশির বলেন, তিনি আগে এ ঘটনা সম্পর্কে অবগত ছিলেন না। এইমাত্র বিষয়টি জানতে পেরেছেন। কী ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা বিস্তারিত জেনে পরে জানাতে পারবেন।
নাটোর সদর থানার ওসি মনসুর রহমান বলেন, রাতে পুলিশের টহল চলছিল। আগুন দেওয়ার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় যারা জড়িত, তদন্তের মাধ্যমে তাঁদের আইনের আওতায় আনা হবে।
নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আক্তার হামিদ খান বলেন, সরকারি নম্বরে তাঁরা স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার খবর পান। তবে ঘটনাস্থলে যাওয়ার আগেই টহলরত পুলিশের মাধ্যমে জানতে পারেন, আগুন নিভে গেছে। এ কারণে পরে আর সেখানে যাওয়া হয়নি।
১৪৩ বার পড়া হয়েছে