গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৫:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আরও চার প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।
মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, গাজীপুরে ১৯, নারায়ণগঞ্জে ৭, ময়মনসিংহের ভালুকায় ২, গোপালগঞ্জে ৫৬, চট্টগ্রামে ৮ এবং কক্সবাজারে ৭ প্লাটুন রয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
বিজিবির সদস্যরা সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছেন। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন তাঁরা।
মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ জন্য ড্রোন, শরীরে স্থাপনযোগ্য ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও বাহিনীর সদস্যরা পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ।
১৪৫ বার পড়া হয়েছে