গাজায় ইসরায়েলি হামলায় হামাস নেতা আবু নাদাসসহ নিহত ১০
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৫:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক বিমান হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা ও শিক্ষা উপমন্ত্রী খালেদ আবু নাদাসসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই টানা তৃতীয় রাতের মতো এ হামলা চালানো হয়েছে। এ পরিস্থিতিতে ইসরায়েলি হামলার জবাব কীভাবে দেওয়া হবে, তা নিয়ে ফিলিস্তিনের অন্যান্য গোষ্ঠীর সঙ্গে আলোচনার ঘোষণা দিয়েছে হামাস।
গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া। বৃহস্পতিবার তিনি বলেন, ইসরায়েলের ধারাবাহিক হামলা আর সহ্য করার অবস্থায় নেই তাঁর সংগঠন। যুদ্ধবিরতি চুক্তির আওতায় থেকেও হত্যা ও অবরোধের ঘটনা মেনে নেওয়া যায় না।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন খালেদ আবু নাদা। তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ছিলেন। পাশাপাশি সংগঠনটির নিয়োগ দেওয়া শিক্ষা উপমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে চালানো ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ হামলা করা হয়েছে। তাঁর দাবি, গত এক মাসে ইসরায়েলি বাহিনীর অভিযানে প্রায় ৮০ জন হামাস যোদ্ধা নিহত হয়েছেন।
নেতানিয়াহু বলেন, কোনো সন্ত্রাসীই ধরাছোঁয়ার বাইরে নয়। হামাসের নেতৃত্বের কেউই ইসরায়েলের নাগালের বাইরে থাকতে পারবেন না।
মঙ্গলবারের পর ইসরায়েলি হামলায় নিহত তৃতীয় জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা খালেদ আবু নাদা। এর আগে সংগঠনটির নিরাপত্তা বিভাগের দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যা করা হয়।
গত জুলাইয়ে হামাসের শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব নেন খলিল আল-হাইয়া। এর আগে ২০২৫ সালে কাতারে ইসরায়েলি বিমান হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। ওই হামলায় তাঁর ছেলে ও কয়েকজন সহযোগী নিহত হন।
বৃহস্পতিবার আল-হাইয়া জানান, ইসরায়েলের ধারাবাহিক হামলা এবং প্রতিদিন হত্যার নীতির জবাব কীভাবে দেওয়া যায়, তা নিয়ে ফিলিস্তিনের অন্যান্য গোষ্ঠীর সঙ্গে আলোচনা করবে হামাস। তবে সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।
অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, খালেদ আবু নাদা হামাসের অর্থনৈতিক ও ব্যাংকিং নেটওয়ার্ক পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি সংগঠনটির সশস্ত্র কার্যক্রমে অর্থায়নের দায়িত্বও পালন করতেন তিনি। তাঁর মৃত্যুতে হামাসের আর্থিক ও সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছে ইসরায়েল।
হামাস আবু নাদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষাবিদ ও বেসামরিক ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা ইসরায়েলের একটি জঘন্য অপরাধ।
গাজায় হামলা বন্ধ করতে ব্যর্থ হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর সমালোচনা করেছেন খলিল আল-হাইয়া। তাঁর অভিযোগ, ইসরায়েলের অপরাধের বিষয়ে বোর্ড অব পিস এবং যুদ্ধবিরতি চুক্তির জামিনদারদের নীরবতা গ্রহণযোগ্য নয়।
এদিকে চিকিৎসাকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত গাজা সিটির তুফাহ এলাকা, আল-শাতি শরণার্থীশিবির ও শেখ রাদওয়ান এলাকায় আরও তিনটি বিমান হামলা চালায় ইসরায়েল। এসব হামলায় সাতজন নিহত হন।
এ ছাড়া পূর্ব বুরেইজ শরণার্থীশিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৬২ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইসরায়েল হামাসকে লক্ষ্য করে অভিযান চালানোর কথা বললেও এসব হামলায় বেসামরিক নাগরিকদের প্রাণহানির ঘটনা ঘটছে। ফিলিস্তিন ও ইসরায়েলের নিজ নিজ হিসাব অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি এবং পাঁচজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
১০৪ বার পড়া হয়েছে