বগুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
‘প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে বগুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে খামারি, নারী উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে ছয়টি শ্রেণিতে প্রায় ৪০টি স্টল স্থান পায়।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে সকালে জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নুরানী মোড় প্রদক্ষিণ করে প্রদর্শনীস্থলে গিয়ে শেষ হয়। পরে প্রদর্শনীর উদ্বোধন, বিভিন্ন স্টল পরিদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী প্রদর্শনীতে বগুড়া সদর উপজেলার খামারি, নারী উদ্যোক্তা, বিভিন্ন প্রতিষ্ঠান ও সেবাদানকারী সংস্থা অংশ নেয়। ছয়টি শ্রেণিতে সাজানো প্রায় ৪০টি স্টলে প্রাণিসম্পদ খাতের আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের প্রাণী, খামার ব্যবস্থাপনা এবং প্রক্রিয়াজাত দুগ্ধজাত পণ্যসহ বিভিন্ন মূল্য সংযোজিত পণ্য প্রদর্শন করা হয়।
প্রদর্শনীতে দর্শনার্থীদের জন্য বিনামূল্যে প্রাণিসম্পদবিষয়ক চিকিৎসা ও পরামর্শ দেওয়ার ব্যবস্থা ছিল। অনুষ্ঠান শেষে বিভিন্ন শ্রেণিতে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান। বিশেষ সম্মানিত অতিথি ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ, সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এইচ এস মাফতুন আহম্মেদ খান রুবেল, বগুড়া জেলা ডেইরি খামারি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নুরুল হুদা তিলক এবং সাধারণ সম্পাদক মো. শেখ তাহাউদ্দিন নাহিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান।
আয়োজকেরা জানান, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত বিভিন্ন সেবামূলক কার্যক্রম চলবে। এর মধ্যে রয়েছে বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসা, টিকাদান, কৃত্রিম প্রজনন, স্কুল পর্যায়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্কুল মিল্ক ফিডিং এবং নারী উদ্যোক্তা সমাবেশ।
১১১ বার পড়া হয়েছে