নারায়ণগঞ্জে মোতালেব হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৭:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের বন্দরে জমি নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে ইটভাটা ব্যবসায়ী মো. মোতালেবকে হত্যার মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ছয় আসামির মধ্যে পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন। অপর একজন ছিলেন পলাতক।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ইসমাঈল, রাজু, সজীব, হাবিব, তানজিল ও হোসাইন। এ মামলায় নবী নামের এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।
মামলার বিবরণ অনুযায়ী, জমি নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে ২০২১ সালের ৩১ আগস্ট রাতে বন্দর উপজেলার শাসনেরবাগ এলাকায় ইটভাটা ব্যবসায়ী মোতালেবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাঁর ওপর হামলা চালানো হয়।
এ ঘটনায় পরদিন ১ সেপ্টেম্বর নিহতের স্ত্রী মাকছুদা বাদী হয়ে আটজনকে আসামি করে বন্দর থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। মামলার দুই আসামি রাজু ও সজীব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তদন্ত শেষে সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। বিচারিক কার্যক্রমে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক ও দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আদালত ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক পর্যালোচনা করে আদালত এ রায় দিয়েছেন।
তবে রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও নিহতের স্ত্রী মাকছুদা। ন্যায়বিচার পাওয়ার আশায় এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন তিনি।
১১৪ বার পড়া হয়েছে