সর্বশেষ

সারাদেশ

চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৩:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বিশ্ববিদ্যালয়ের চলমান সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে এ কর্মসূচি শুরু হবে। এর আওতায় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। একই দিন দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন তাঁরা।

দীর্ঘদিন ধরে চলমান আন্দোলনের পরও চুয়েটের সংকট নিরসনে কার্যকর কোনো উদ্যোগ না আসায় নতুন করে কঠোর কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৫ নভেম্বর) রাতে আন্দোলনকে আরও জোরদার ও কার্যকর করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সভা শেষে শিক্ষার্থীরা বৃহস্পতিবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের ঘোষণা দেন।

শিক্ষার্থীদের ঘোষণায় বলা হয়, গত দুই মাসের বেশি সময় ধরে চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। এ সময়ে বিভিন্ন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হলেও বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সংকট সমাধানে কার্যকর ও টেকসই কোনো উদ্যোগ দেখা যায়নি।

এর ফলে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকাণ্ডেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন সাধারণ শিক্ষার্থীরা। সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

এ বিষয়ে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস বলেন, গত দুই মাস ধরে চুয়েটের আন্দোলনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট সমাধানে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তাই সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত সব ব্যাচের শিক্ষার্থীদের সম্মতিক্রমে বৃহস্পতিবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করা হয়েছে।

শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। একই দিন চুয়েটের উপাচার্য নিয়োগসংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে আইইবির।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগকে কেন্দ্র করেই বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সূত্রপাত।

এর প্রতিবাদে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন। টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আবার শুরু হয়। তবে উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকে। এরই ধারাবাহিকতায় প্রায় এক মাসের ব্যবধানে আবারও শাটডাউন কর্মসূচি ঘোষণা করলেন তাঁরা।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০