নড়াইলে গুজব ও অপপ্রচারের প্রতিবাদে সনাতন সম্প্রদায়ের মানববন্ধন
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের কালিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে অগ্নিসংযোগের গুজবসহ বিভিন্ন ধরনের অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন হিন্দু সম্প্রদায়ের সদস্যরা। বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় নড়াইল প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।
প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন সময়ে সনাতন ধর্মাবলম্বীদের রাজনৈতিক স্বার্থে ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করা হয়। এবারও কালিয়ায় ২০০ হিন্দু পরিবারের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে একই উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে।
বক্তারা বলেন, তাঁরা আর কোনো রাজনৈতিক দলের ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহৃত হতে চান না। জন্মসূত্রে তাঁরা বাংলাদেশের নাগরিক এবং শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। কেউ যেন নিজেদের স্বার্থসিদ্ধির জন্য হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করার চেষ্টা না করেন।
এ সময় ফেসবুকসহ ভারতের কয়েকটি গণমাধ্যমে হিন্দু সম্প্রদায়কে উদ্দেশ্য করে গুজব ও অপপ্রচার চালানোর ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নড়াইল জেলা শাখার সভাপতি কল্যাণ মুখার্জি, সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ, পূজা উদযাপন ফ্রন্টের নড়াইল সদর থানা সভাপতি ধীমান কুমার রায়, সাধারণ সম্পাদক সুজন কুমার রায়, পূজা উদযাপন ফ্রন্টের নড়াইল জেলা শাখার যুগ্ম সদস্যসচিব তারক চন্দ্র হাজরা এবং সনাতন ধর্মীয় নেতা নিত্যানন্দ বসু প্রমুখ।
মানববন্ধনে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।
১১৭ বার পড়া হয়েছে