সর্বশেষ

সারাদেশ

টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার একযোগে পদত্যাগ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন বিএনপির ছয় নেতা একযোগে পদত্যাগ করেছেন। দলীয় কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তোষের কথা জানিয়ে বুধবার (২৫ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলন করে তাঁরা পদত্যাগের ঘোষণা দেন। একই সঙ্গে দলের প্রাথমিক সদস্যপদ থেকেও সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন তাঁরা।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন বিএনপিতে একযোগে ছয় নেতার পদত্যাগের ঘটনা ঘটেছে। দলীয় কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে সন্তুষ্ট না হওয়ায় তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গিমাডাঙ্গা নতুন বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন নেতারা।

পদত্যাগকারী ব্যক্তিরা হলেন পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সজীব ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ এবং সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাঁরা জানান, দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পাটগাতী ইউনিয়ন শাখার বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে দলের বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁরা সন্তুষ্ট নন। এ কারণে নিজ নিজ পদ এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, পদত্যাগের মধ্য দিয়ে তাঁরা বিএনপির সব ধরনের সাংগঠনিক ও দলীয় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। ভবিষ্যতে বিএনপি কিংবা দলটির কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত থাকবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগকারী ছয় নেতা দাবি করেন, তাঁদের এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত ও স্বেচ্ছায় নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কারও চাপ, প্ররোচনা কিংবা প্রভাব ছিল না। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানাতে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে সংবাদ প্রকাশের অনুরোধ জানান তাঁরা।

একই ইউনিয়ন বিএনপির ছয় নেতার একযোগে পদত্যাগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তাঁদের পদত্যাগের প্রভাব দলটির ইউনিয়ন পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমে কীভাবে পড়বে, তা নিয়ে কৌতূহল দেখা দিয়েছে।

তবে এ বিষয়ে পাটগাতী ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০