রোহিঙ্গা গণহত্যার স্বীকৃতি দিলো যুক্তরাজ্যসহ ১৪ দেশ
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সংঘটিত গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের প্রতি সমর্থন ও স্বীকৃতি জানিয়েছে যুক্তরাজ্যসহ ১৪টি দেশ। একই সঙ্গে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় মিয়ানমারের পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।
সোমবার (২৩ নভেম্বর) ১৪টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে আইসিজের রায়ের প্রতি সমর্থন জানিয়ে মিয়ানমারকে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানান। ফ্রান্স২৪-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো—যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন ও গাম্বিয়া।
বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, আন্তর্জাতিক গণহত্যা সনদের অধীনে মিয়ানমার তার বাধ্যবাধকতা গুরুতরভাবে লঙ্ঘন করেছে। আইসিজের রায় মিয়ানমারের জন্য আইনগতভাবে বাধ্যতামূলক। তাই আন্তর্জাতিক আইন ও আদালতের সিদ্ধান্ত পুরোপুরি মেনে চলতে দেশটির প্রতি জোরালো আহ্বান জানান তাঁরা।
অন্যদিকে, পৃথক এক বিবৃতিতে যুক্তরাজ্য সরকার রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতাকে আনুষ্ঠানিকভাবে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানায়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, রোহিঙ্গাদের ওপর ভয়াবহ সহিংসতা ও নিপীড়নের ঘটনাগুলো কোনোভাবেই জবাবদিহির বাইরে থাকতে পারে না।
নতুন নিষেধাজ্ঞার আওতায় মিয়ানমারের পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার যুক্তরাজ্যে থাকা সম্পদ জব্দ করা হবে। পাশাপাশি তাঁদের যুক্তরাজ্যে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এ ছাড়া মিয়ানমারে উড়োজাহাজের জ্বালানি রপ্তানি ও সরবরাহের ওপর কঠোর বিধিনিষেধ আরোপে নতুন আইন প্রণয়নের পরিকল্পনার কথাও জানিয়েছে যুক্তরাজ্য সরকার।
মানবিক সহায়তার অংশ হিসেবে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাসহ ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষের জীবনরক্ষাকারী ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড সহায়তা দেবে দেশটি। পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিতের আন্তর্জাতিক উদ্যোগে আরও ৩০ লাখ পাউন্ড অর্থায়নের ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার।
১০৭ বার পড়া হয়েছে