দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করতে চায়
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৭:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ থেকে দক্ষিণ আফ্রিকায় সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব দিয়েছে দেশটি। ঢাকায় নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল সুকলাল এ প্রস্তাব দিয়েছেন। জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশিদের যাতায়াতের সুবিধার্থে বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল সুকলালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
সাক্ষাতে দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ বাড়ানো এবং পর্যটন খাতের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।
মন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকায় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। তাঁদের যাতায়াতের সুবিধার্থে দেশটির জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে বাংলাদেশের বিমান যোগাযোগ বাড়ানো গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এসব গন্তব্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে।
বাংলাদেশের পর্যটন সম্ভাবনার কথা তুলে ধরে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বের পর্যটকদের আকৃষ্ট করার মতো। দুই দেশের পর্যটন খাতের উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং পর্যটক যাতায়াত বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার দুই দেশের পর্যটন খাতের উন্নয়নে সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দেন। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন তিনি।
সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১২৮ বার পড়া হয়েছে