কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে নেতানিয়াহু-আইজেনকোট আলোচনা
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৩:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ইসরায়েলে জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ ও বিরোধী নেতা গাদি আইজেনকোটের দল ইয়াশারের মধ্যে আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। নতুন সরকারের নেতৃত্ব কার হাতে থাকবে এবং কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন-গভিরকে মন্ত্রিসভায় রাখা হবে কি না, তা নিয়ে দুই দলের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে।
ইসরায়েলে জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা অব্যাহত থাকলেও এখনো কোনো সমঝোতা হয়নি। প্রধানমন্ত্রী কে হবেন এবং বর্তমান জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির নতুন সরকারে থাকবেন কি না, তা নিয়ে মতবিরোধের কারণে আলোচনা এগোচ্ছে না।
রোববার (২২ নভেম্বর) ইসরায়েলের হার্জলিয়ায় একটি হোটেলে লিকুদ ও ইয়াশার দলের প্রতিনিধিরা বৈঠকে বসেন। তবে সরকার গঠনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তাঁরা একমত হতে পারেননি। ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ এ তথ্য জানিয়েছে।
ইয়েদিওথ আহরোনথ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, লিকুদ দল নতুন সরকারে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরকে রাখতে চায়। তবে আইজেনকোটের দল ইয়াশার তাঁকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার বিরোধিতা করছে।
বৈঠক শেষে দুই দলের পক্ষ থেকে দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়, কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে উভয় পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরেছে। এ বিষয়ে পরবর্তী সময়ে আবারও বৈঠক হবে। তবে পরবর্তী বৈঠকের তারিখ কিংবা আলোচনার বিস্তারিত জানানো হয়নি।
গত অক্টোবরের নির্বাচনে আইজেনকোটের নেতৃত্বাধীন জোট ৪৮টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে তাদের আরও ১৩টি আসন প্রয়োজন। এ জন্য আইজেনকোটকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানোর সুযোগ রয়েছে।
এদিকে নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র উপায় হলো এ ধরনের সরকার গঠন। এমন সরকার গঠন করা গেলে ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোকে ছাড়াই সরকার পরিচালনা করা সম্ভব হবে। এবারের নির্বাচনে এসব দল রেকর্ড ১৯টি আসন পেয়েছে।
চ্যানেল ১২-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের নেতৃত্বাধীন টুগেদার তালিকা একটি জোট সরকার গঠনের প্রস্তাব দিয়েছে। প্রস্তাবে টুগেদার, ইয়াশার, লিকুদ এবং আভিগদর লিবারম্যানের দল ইসরায়েল বেইতেনুকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।
এই প্রস্তাব অনুযায়ী, প্রথমে গাদি আইজেনকোট প্রধানমন্ত্রী হবেন। পরে দায়িত্ব নেবেন বেনিয়ামিন নেতানিয়াহু। তবে পালাক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের এই প্রস্তাবে আপত্তি জানিয়েছেন আইজেনকোট। অন্যদিকে নেতানিয়াহু শুরুতেই প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চান বলে জানা গেছে।
এ ছাড়া আভিগদর লিবারম্যান জানিয়েছেন, নেতানিয়াহু সরকারে থাকলে তিনি কোনো সরকারে যোগ দেবেন না।
জাতীয় ঐক্যের সরকার গঠনের আলোচনা ব্যর্থ হলে আইজেনকোটের দল নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই নেসেটে সংখ্যালঘু সরকার গঠনের পক্ষে আস্থা ভোট আয়োজনের উদ্যোগ নিতে পারে। এ ক্ষেত্রে ইউসুফ জাবারিনের নেতৃত্বাধীন আরব জয়েন্ট লিস্ট এবং মানসুর আব্বাসের নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্টের বাইরের সমর্থনের ওপর নির্ভর করতে হবে তাদের।
সূত্র: আলজাজিরা।
১১১ বার পড়া হয়েছে