পুতিনকে গ্রেপ্তার না করার জেরে আইসিসি ছাড়ছে তাজিকিস্তান
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৭:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তারের নির্দেশ কার্যকর করতে ব্যর্থ হওয়ার প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান। জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে রোম সংবিধি থেকে নিজেদের প্রত্যাহারের বিষয়টি জানিয়েছে দেশটি। তাজিকিস্তানের এই সিদ্ধান্ত ২০২৭ সালের ২০ নভেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আইসিসি প্রতিষ্ঠার ভিত্তি রোম সংবিধি থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জাতিসংঘকে জানিয়েছে তাজিকিস্তান। দেশটির এ পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে আইসিসির পরিচালনা পর্ষদ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গত জুলাইয়ে বিভিন্ন দেশকে আইসিসি ছাড়ার আহ্বান জানানোর পর তাজিকিস্তান এ প্রক্রিয়া শুরু করা চতুর্থ দেশ। এর আগে ভেনেজুয়েলা, চাদ ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নাউরু একই ধরনের পদক্ষেপ নিয়েছে।
আইসিসি গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও আগ্রাসনের অপরাধের বিচার করে। কোনো দেশের নিজস্ব বিচারব্যবস্থা এসব অপরাধের বিচার করতে অনিচ্ছুক বা অক্ষম হলে আদালতটি হস্তক্ষেপ করতে পারে।
২০২৪ সালে গাজায় কথিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। তবে এখনো তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এদিকে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা এবং আফগানিস্তানে মার্কিন বাহিনীর কর্মকাণ্ড নিয়ে আইসিসির আগের তদন্তের প্রতিক্রিয়ায় আদালতের বিচারক ও কৌঁসুলিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।
গত জুলাইয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, আইসিসির কার্যক্রম অকার্যকর করে দেওয়ার উদ্যোগ নেবে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য আদালতটিকে হুমকি হিসেবে উল্লেখ করে ট্রাম্প প্রশাসন একে ‘বৈশ্বিক আমলাতন্ত্রের’ প্রয়োগকারী সংস্থা বলেও সমালোচনা করে।
তাজিকিস্তানের আইসিসি ছাড়ার সিদ্ধান্তের পেছনে পুতিনের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে না পারার বিষয়টিও গুরুত্বপূর্ণ। গত মার্চে আইসিসি জানায়, ২০২৫ সালে পুতিনের তাজিকিস্তান সফরের সময় তাঁকে গ্রেপ্তারের অনুরোধ কার্যকর করতে ব্যর্থ হয়েছে দেশটি। ইউক্রেনে কথিত যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
এর আগে ২০২৫ সালে বুরকিনা ফাসো, মালি ও নাইজারও আইসিসি ছাড়ার ঘোষণা দেয়। আদালতটিকে ‘নব্য ঔপনিবেশিক দমন-পীড়নের’ হাতিয়ার হিসেবে আখ্যা দিয়ে দেশ তিনটি যৌথভাবে এ সিদ্ধান্তের কথা জানায়। গত জুনে তারা জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের বিষয়টি অবহিত করে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রচারাভিযান শুরুর আগেই দেশগুলো আইসিসি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল।
বর্তমানে আইসিসির সদস্যদেশের সংখ্যা ১২৫। প্রত্যাহারের প্রক্রিয়ায় থাকা সাতটি দেশ এখনো আনুষ্ঠানিকভাবে সদস্যপদ হারায়নি। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইসরায়েল ও ভারত আইসিসির সদস্য নয়।
১৩০ বার পড়া হয়েছে