সর্বশেষ

জাতীয়

আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৬:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত সব মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এ লক্ষ্যে দেশের সব রাজনৈতিক দল, নির্যাতিত ব্যক্তি ও সংগঠনকে চিঠি দেওয়া হয়েছে। অপরাধের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানির আয়োজন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সব ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এ জন্য দেশের সব রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, প্রতি সপ্তাহে দেশের কোনো না কোনো জেলায় গণশুনানির আয়োজন করা হবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে সব রাজনৈতিক দলের উপস্থিতিতে এ কর্মসূচি পরিচালিত হবে। নির্যাতনের শিকার রাজনৈতিক দল ও সংগঠনগুলোও এতে অংশ নিতে পারবে। এ বিষয়ে সরকার সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে।

চিফ প্রসিকিউটর জানান, ইতিমধ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, মন্ত্রণালয়, নির্যাতিত রাজনৈতিক দল ও সংগঠন এবং আহত-নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের কাছে চিঠি পাঠানো হচ্ছে।

গণশুনানিতে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা এবং অন্যান্য মানবতাবিরোধী অপরাধের তথ্য ও অভিযোগ সংগ্রহ করা হবে। কোনো ঘটনার মামলা হয়ে থাকলে সংশ্লিষ্ট নথি ও রেকর্ড পর্যালোচনা করা হবে। আর মামলা না থাকলে ভুক্তভোগী পরিবারগুলোকে শনাক্ত করা হবে। তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারযোগ্য অপরাধের তথ্য পাওয়া গেলে তদন্ত সংস্থার মাধ্যমে অনুসন্ধান করে বিচারের উদ্যোগ নেওয়া হবে।

যশোর থেকে গণশুনানি শুরুর পরিকল্পনা

দেশব্যাপী গণশুনানি কর্মসূচি যশোর জেলা থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানান মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, ২৬ নভেম্বর যশোরে প্রথম কর্মসূচি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে ২৮ নভেম্বর যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন থাকায় তারিখ পরিবর্তন হতে পারে। সে ক্ষেত্রে অন্য কোনো জেলা থেকে কার্যক্রম শুরু করা হবে। আগামী সপ্তাহ থেকে দেশের কোনো না কোনো জেলায় এ কর্মসূচি পরিচালনা করা হবে।

গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগ সংগ্রহ

গণশুনানির প্রয়োজনীয়তা তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অসংখ্য ক্রসফায়ার, গুম, বলপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব ঘটনায় অনেক ক্ষেত্রে মামলা হলেও অনেক ভুক্তভোগী পরিবার মামলা করেনি। আবার অপরাধে জড়িত ব্যক্তিদের কেউ কেউ এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে তথ্য পাওয়া গেছে।

এসব অপরাধের অভিযোগ আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতেই গণশুনানির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আমিনুল ইসলাম বলেন, এ কর্মসূচির মাধ্যমে দেশে ন্যায়বিচার ও আইনের শাসনের সংস্কৃতি প্রতিষ্ঠার বার্তা দেওয়া হবে। ভবিষ্যতে বাংলাদেশে যেন আর কোনো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত না হয়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গণশুনানির আইনগত বৈধতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের তদন্ত করার এবং অভিযোগ দাখিলের ক্ষমতা রয়েছে। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাও তদন্ত করতে পারে। ফলে এ কর্মসূচির আইনগত ভিত্তি ও এখতিয়ার রয়েছে।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০