সর্বশেষ

আন্তর্জাতিক

এস্তোনিয়াকে প্রকাশ্য যুদ্ধের হুমকি দিলো রাশিয়া

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৭:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রাশিয়ার বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে ইউরোপের দেশ এস্তোনিয়াকে প্রকাশ্য যুদ্ধের হুমকি দিয়েছে মস্কো। সীমান্ত বন্ধের সিদ্ধান্ত, ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে হামলায় আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়া এবং এস্তোনিয়ায় বসবাসরত রুশ জনগোষ্ঠীর প্রতি বৈষম্যের অভিযোগে এ হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।

সোমবার (২৩ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ অভিযোগ তোলে। এর আগে মস্কোয় নিযুক্ত এস্তোনিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মারেক উহতেগিকে তলব করে সীমান্ত বন্ধের সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় রুশ কর্তৃপক্ষ।

বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এস্তোনিয়ার উসকানিমূলক ও বিপজ্জনক কর্মকাণ্ড দেশটিকে রাশিয়ার সঙ্গে প্রকাশ্য যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। একই সঙ্গে এস্তোনিয়ার বিরুদ্ধে রুশবিদ্বেষ ছড়িয়ে দেওয়ার অভিযোগও তুলেছে মস্কো।

রাশিয়ার দাবি, ইউক্রেনের ড্রোন যাতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে হামলা চালাতে পারে, সে জন্য এস্তোনিয়া গোপনে নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দিচ্ছে। তবে এ অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে এস্তোনিয়ার রাজধানী তাল্লিন।

এ ছাড়া বাল্টিক সাগরে রাশিয়ার পণ্যবাহী জাহাজ চলাচলে বাধা, রাশিয়া ও বেলারুশের শস্য পরিবহনে নিষেধাজ্ঞা, রুশ ভাষার ব্যবহার বন্ধের উদ্যোগ এবং রুশ অর্থোডক্স চার্চ বন্ধের হুমকি দেওয়ার অভিযোগও তুলেছে মস্কো।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিজেদের জাতীয় স্বার্থ ও নাগরিকদের বৈধ অধিকার রক্ষায় প্রয়োজনীয় রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার অধিকার রাশিয়ার রয়েছে।

এস্তোনিয়ায় উল্লেখযোগ্যসংখ্যক জাতিগত রুশ জনগোষ্ঠীর বসবাস। তাদের প্রতি বৈষম্য করা হচ্ছে বলে মস্কো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে। ২০১৪ সালে ইউক্রেনের পূর্বাঞ্চলে সামরিক হস্তক্ষেপের ক্ষেত্রেও রুশভাষীদের অধিকার দমনের অভিযোগকে যুক্তি হিসেবে তুলে ধরেছিল রাশিয়া।

সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত সীমান্ত বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে। চলতি মাসের শুরুতে এস্তোনিয়া ঘোষণা দেয়, আগামী ১ ডিসেম্বর থেকে রাশিয়ার সঙ্গে দেশটির কয়েকটি সীমান্ত প্রবেশপথ অন্তত ছয় মাসের জন্য বন্ধ রাখা হবে। এর মধ্যে নারভা নদীর ওপর অবস্থিত গুরুত্বপূর্ণ সীমান্ত পারাপারের পথও রয়েছে।

এস্তোনিয়ার অভিযোগ, দেশটির একটি প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্টা করেছিল রাশিয়ার নিরাপত্তা সংস্থাগুলো। এ ঘটনার পর সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেয় তাল্লিন। তবে এ ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে মস্কো।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, সীমান্ত বন্ধের সিদ্ধান্তের পরিণতি শুধু এস্তোনিয়াকে নয়, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোর মিত্র দেশগুলোকেও ভোগ করতে হতে পারে।

অন্যদিকে, ইউক্রেনের সামরিক অভিযানে এস্তোনিয়ার ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়ার প্রচারণামূলক বক্তব্য নিয়ে তারা সাধারণত মন্তব্য করে না। তবে স্পষ্টভাবে জানাতে চায়, এস্তোনিয়া কখনোই কোনো দেশকে সামরিক অভিযানের জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না। বাল্টিক অঞ্চলের অন্য দেশগুলোও একই অবস্থান জানিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

রাশিয়া দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, এস্তোনিয়াসহ বাল্টিক অঞ্চলের কয়েকটি ন্যাটোভুক্ত দেশ ইউক্রেনীয় ড্রোনকে নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দিচ্ছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ন্যাটোভুক্ত দেশগুলো। তাদের দাবি, রাশিয়ার ইলেকট্রনিক সংকেত বাধাগ্রস্ত করার কার্যক্রমের কারণে ইউক্রেনীয় ড্রোনগুলো ভুল করে ন্যাটোর আকাশসীমায় প্রবেশ করছে বলে কিয়েভের বক্তব্য।

এদিকে, এস্তোনিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে ন্যাটো। জার্মানির বার্লিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জোটটির মহাসচিব মার্ক রুটে বলেন, এস্তোনিয়ার পাশাপাশি গত সপ্তাহে পোল্যান্ডের আকাশসীমায় রুশ ক্ষেপণাস্ত্র প্রবেশের ঘটনাও নজরে রেখেছে ন্যাটো।

তিনি বলেন, সামরিক পরিস্থিতির প্রতিটি ঘটনা পর্যালোচনা করে ন্যাটো নিজেদের প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতা যাচাই করবে। প্রয়োজন অনুযায়ী এসব সক্ষমতা হালনাগাদ করার ব্যবস্থাও নেওয়া হবে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০