নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন কারাদণ্ড
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইলে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে আসাদ মোল্যা (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আদায় করে ভুক্তভোগী শিশুর পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ নভেম্বর) নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ছামিদুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসাদ মোল্যা নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়া এলাকার আমির মোল্যার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৬ সালের ২৫ মার্চ সকালে আট বছর বয়সী তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থীকে বাড়িতে রেখে তাঁর বাবা-মা কাজে বাইরে যান। দুপুর ১২টার দিকে প্রতিবেশী আসাদ মোল্যা শিশুটিকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসাদ পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েক দিন চিকিৎসা নেওয়ার পর সে বাড়িতে ফিরে যায়।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ওই দিনই উত্তেজিত জনতা মহাজন বাজার এলাকা থেকে আসাদ মোল্যাকে আটক করে গণপিটুনি দেয়। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ২৫ মার্চ নড়াগাতী থানায় মামলা করেন। পরবর্তী সময়ে আদালত মামলাটি আমলে নিয়ে বিচারিক কার্যক্রম শুরু করেন।
মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারা অনুযায়ী আসাদ মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। একই সঙ্গে তাঁকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আজিবুর রহমান। তিনি বলেন, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ আদায় করে ভুক্তভোগী শিশুর পরিবারকে দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন আদালত।
রায় ঘোষণার সময় ভুক্তভোগী শিশুটির পরিবারের সদস্যরা আদালতে উপস্থিত ছিলেন।
১০৬ বার পড়া হয়েছে