সর্বশেষ

সারাদেশ

বঙ্গোপসাগরের মোহনায় রাস উৎসবের সমাপনী দিনে মহাপুণ্যস্নান

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ১০:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
বঙ্গোপসাগরের মোহনায় সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসবের সমাপনী দিনে অনুষ্ঠিত হয়েছে মহাপুণ্যস্নান। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে সাগরের জোয়ারের পানিতে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয় সনাতন ধর্মাবলম্বীদের শতবর্ষী এই ধর্মীয় আয়োজন। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পুণ্যার্থী অংশ নেন।

প্রত্যুষে সাগরের মোহনায় সারিবদ্ধভাবে বসে ধূপকাঠি জ্বালিয়ে ও প্রসাদ সাজিয়ে প্রার্থনা করেন নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধরা। পরে জোয়ারের লোনাপানিতে ডুব দিয়ে পাপমুক্তি ও জগৎকল্যাণের প্রার্থনা করেন তাঁরা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নান এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে এবারের উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হয়।

গত রোববার (২২ নভেম্বর) বিকেল থেকে দুবলার চরের আলোরকোলে শুরু হয় শতবর্ষী এই রাস উৎসব। আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৫ হাজারের বেশি সনাতন ধর্মাবলম্বী সমবেত হন।

সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী জানান, এবারের রাস পূজা ও পুণ্যস্নান উপলক্ষে বাগেরহাট ও খুলনা জেলায় পুণ্যার্থীদের জন্য মোট ৪২৬টি বোর্ডের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে বাগেরহাট জেলায় ৪০৯টি বোর্ডের মাধ্যমে ৮ হাজার ৭০৬ জন এবং খুলনা জেলায় ১৭টি বোর্ডের মাধ্যমে ৪০৫ জন পুণ্যার্থীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

তবে পুণ্যার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি হিসাবের সঙ্গে বাস্তবে অংশগ্রহণকারীর সংখ্যার মিল নেই। খুলনা ও সাতক্ষীরা অঞ্চল থেকেও বিপুলসংখ্যক পুণ্যার্থী ও দর্শনার্থী এ উৎসবে যোগ দিয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল চারটা থেকে দুবলার চর রাস মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। এ বছর রাত ১১টার পর শুরু হয় রাসপূর্ণিমার মূল পূজা। সন্ধ্যা থেকেই মন্দির প্রাঙ্গণে রাধাকৃষ্ণের আরাধনা, নামকীর্তন, আরতি ও মতুয়া সম্প্রদায়ের ঢাক নৃত্য অনুষ্ঠিত হয়।

দুবলার চর রাস মন্দিরের পূজারি তরুণ আচার্য বলেন, রাত ১১টার পর পূজা শুরু হয়। তিনি গত ১৬ বছর ধরে দুবলার চর রাস মন্দিরে রাস পূজার পৌরহিত্য করে আসছেন। এ বছর টানা এক সপ্তাহ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পুণ্যার্থীর সংখ্যা কিছুটা কম হয়েছে বলেও জানান তিনি।

সরেজমিনে দেখা যায়, পূজা শেষে ভোরের জোয়ারের অপেক্ষায় সাগরপাড়ে জড়ো হন ভক্তরা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নান করেন তাঁরা। পরে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এবারের রাস উৎসবের আনুষ্ঠানিকতা।

সুন্দরবন পূর্ব বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় ২০২১ সাল থেকে দুবলার চরে বাণিজ্যিক মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এ বছরও বন বিভাগের কঠোর তত্ত্বাবধানে শুধু সনাতন ধর্মাবলম্বীদের নির্ধারিত পাঁচটি জলপথ দিয়ে চরে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বন্যপ্রাণী শিকার প্রতিরোধে বনরক্ষী, কোস্টগার্ড, নৌবাহিনী, র‍্যাব ও পুলিশ সদস্যরা জল ও স্থলপথে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেন।

পুণ্যস্নান শেষে মঙ্গলবারই বন বিভাগের নির্ধারিত পথ দিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেন তীর্থযাত্রীরা।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০