আ.লীগের কর্মকাণ্ড মোকাবিলায় বিএনপিকে সোচ্চার হওয়ার আহ্বান মন্ত্রীর
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১০:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, ফ্যাসিস্ট অনুসারীদের কঠোরভাবে মোকাবিলা করতে হবে। তাদের বিষদাঁত ভেঙে দিয়ে সমূলে উৎখাত না করলে দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) সিলেটে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে জেলা ও মহানগর বিএনপি। সমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরিফুল হক চৌধুরী বলেন, ‘যেমন কুকুর তেমন মুগুর লাগবে। ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে তাদের। ওদের বিষদাঁত ভেঙে দিয়ে সমূলে উৎখাত না করলে দেশের অস্তিত্ব হুমকির মুখে ফেলতে চাইবে।’
তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস এবং নিরীহ মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা দেশের ইতিহাসের জঘন্যতম অধ্যায়। শেখ হাসিনার দেশে ফেরার কথিত কাল্পনিক প্রচারণাকে কেন্দ্র করে ফ্যাসিস্টদের তাণ্ডব তাদের নির্মমতার আরেকটি উদাহরণ। এ অপশক্তির বিরুদ্ধে দলমত-নির্বিশেষে প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি।
মন্ত্রী আরও বলেন, পরিকল্পিত নৈরাজ্য কোনোভাবেই সহ্য করা হবে না। দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশবিরোধী অপশক্তির কর্মকাণ্ড প্রতিহত করতে হবে। রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরিবর্তে নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে আরিফুল হক চৌধুরী অভিযোগ করেন, দলটি ক্ষমতায় থাকাকালে ১৭ থেকে ১৮ বছর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। পছন্দের ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে লুটপাট ও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের সুযোগ তৈরি করা হয়েছিল। দীর্ঘদিনের অপশাসন ও নির্যাতনের কারণেই মানুষ আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করেছে বলে দাবি করেন তিনি।
বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, ১৭ থেকে ১৮ বছর বিরোধী দলে থাকা অবস্থায় বিএনপি পুলিশের নির্যাতন, গুম, খুন ও অসংখ্য মামলার মুখেও রাজপথ ছাড়েনি। এ সময়ে হাজারো নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, অনেকে জীবন দিয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগের বর্তমান কর্মকাণ্ডে রাজনীতির কোনো চিহ্ন নেই, রয়েছে সন্ত্রাস।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। সভা সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহসাংগঠনিক সম্পাদক ও ওয়াসার চেয়ারম্যান মিফতা সিদ্দিকী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান হেকিম চৌধুরী, পিপি আসিক উদ্দিন আশিক, জেলা বিএনপির সহসভাপতি আশিক চৌধুরী ও মাহবুবুর রব ফয়ছলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় সিলেট রেজিস্ট্রারি মাঠে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
১১৪ বার পড়া হয়েছে