সর্বশেষ

জাতীয়

বিশ্ববাজারে সোনার দরপতন, বাংলাদেশে বিনিয়োগকারীদের কতটা লোকসান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৪:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বিশ্ববাজারে সোনার দাম টানা কমছে। চলতি বছরের জানুয়ারিতে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর মাত্র ১০ মাসের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম কমেছে এক-তৃতীয়াংশের বেশি। এর প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) হিসাবে, জানুয়ারিতে প্রায় ৩ লাখ ৩০০ টাকা দিয়ে যে এক ভরি ২২ ক্যারেট সোনা কেনা যেত, এখন তার দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। ফলে সর্বোচ্চ দামে সোনা কেনা ব্যক্তিদের বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে। প্রশ্ন উঠেছে, সোনার দাম আরও কমবে, নাকি আবার বাড়তে শুরু করবে?

বিশ্ববাজারে গত ২০ নভেম্বর সোনার দাম কমে প্রতি আউন্স ৩ হাজার ৫১৯ ডলারে দাঁড়িয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর এটিই সর্বনিম্ন দাম। অথচ চলতি বছরের জানুয়ারিতে প্রতি আউন্স সোনার দাম রেকর্ড ৫ হাজার ৫৯৫ ডলারে উঠেছিল। অর্থাৎ মাত্র ১০ মাসের ব্যবধানে সর্বোচ্চ দাম থেকে সোনার দরপতন হয়েছে এক-তৃতীয়াংশের বেশি।

বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, ২০১৫ সালের পর সোনার জন্য সবচেয়ে খারাপ বছর হতে যাচ্ছে চলতি বছর।

দেশের বাজারেও একই চিত্র দেখা যাচ্ছে। চলতি নভেম্বর মাসে নয় দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে মোট ৩৪ হাজার ৬৯০ টাকা কমিয়েছে বাজুস। এর মধ্যে ২০ নভেম্বর এক দিনেই কমানো হয়েছে ১০ হাজার ৯৫৪ টাকা। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। গত জানুয়ারিতে একই পরিমাণ সোনা কিনতে খরচ হয়েছিল প্রায় ৩ লাখ ৩০০ টাকা। সে হিসাবে ভরিতে দাম কমেছে ১ লাখ ৫ হাজার ৩৩৭ টাকা।

সোনার দামের এমন দ্রুত পতনের পর স্বাভাবিকভাবেই বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভবিষ্যতে দাম আরও কমবে, নাকি আবার বাড়বে—এ প্রশ্নের নিশ্চিত উত্তর দেওয়া সম্ভব নয়। তবে অতীতের বড় দরপতন ও পরবর্তী সময়ে বাজারের গতিপ্রকৃতি বিশ্লেষণ করলে কিছু ধারণা পাওয়া যায়।

সোনা ধরে রাখলে কোনো সুদ পাওয়া যায় না। ফলে সুদের হার বাড়লে বিনিয়োগকারীদের কাছে সোনার তুলনায় সুদ পাওয়া যায় এমন সম্পদ আকর্ষণীয় হয়ে ওঠে। চলতি বছর যুক্তরাষ্ট্রের সুদের হার বৃদ্ধি, সরকারি বন্ডের সুদ বেড়ে যাওয়া এবং ডলারের শক্তিশালী অবস্থান সোনার দামের ওপর চাপ তৈরি করেছে।

গত ১৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার ০ দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশ করেছে। ২০২৩ সালের পর এটিই ছিল ফেডারেল রিজার্ভের প্রথম সুদহার বৃদ্ধি। বাজারে ডিসেম্বরেও সুদের হার বাড়ানোর প্রত্যাশা তৈরি হয়েছে।

অন্যদিকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা দুর্বল হয়ে পড়ায় তেলের দাম বেড়েছে। এতে মূল্যস্ফীতির আশঙ্কা বাড়ার পাশাপাশি সুদের হার আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সাধারণত যুদ্ধ ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার সময় নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বাড়ে। কিন্তু এবার যুদ্ধের কারণে তৈরি হওয়া মূল্যস্ফীতি ও সুদের হারের চাপ সোনার বাজারে উল্টো প্রভাব ফেলছে।

বিশ্বব্যাংকের সংকলিত মাসিক গড় দামের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ১৯৭১ সালে মার্কিন ডলারের সঙ্গে সোনার নির্দিষ্ট বিনিময়মূল্যের সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে বড় ধরনের দরপতন হয়েছে আটবার। চলতি বছরের পতনও এর মধ্যে রয়েছে।

১৯৭১ সালের ওই ঘটনা ‘নিক্সন শক’ নামে পরিচিত। সে সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন বিদেশি সরকার ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর ডলারের বিনিময়ে সোনা পাওয়ার ব্যবস্থা স্থগিত করেন।

মাসিক গড় দাম অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতি আউন্স সোনার দাম ছিল ৫ হাজার ২০ ডলার। জুলাইয়ে তা কমে দাঁড়ায় ৪ হাজার ৭৩ ডলারে। নভেম্বরের দাম বর্তমান পর্যায়ে থাকলে সর্বোচ্চ অবস্থান থেকে দরপতন ২২ থেকে ২৫ শতাংশে পৌঁছাতে পারে।

তবে ইতিহাসে এর চেয়েও বড় দরপতনের নজির রয়েছে। এমন তিনটি ঘটনায় আগের সর্বোচ্চ দামে ফিরতে সোনার কয়েক বছর থেকে কয়েক দশক পর্যন্ত সময় লেগেছে।

১৯৭৪ থেকে ১৯৭৬ সালের মধ্যে সোনার দাম কমেছিল প্রায় ৪০ শতাংশ। আগের সর্বোচ্চ দাম ফিরে পেতে সময় লেগেছিল সোয়া তিন বছর।

এরপর ১৯৮০ সালের জানুয়ারিতে সর্বোচ্চ দাম ওঠার পর ১৯৯৯ সাল পর্যন্ত সোনার দাম কমেছিল প্রায় ৬২ শতাংশ। আগের সর্বোচ্চ অবস্থানে ফিরতে সময় লেগেছিল ২৬ বছর।

তৃতীয় বড় দরপতন ঘটে ২০১১ সালের সেপ্টেম্বরের পর। ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত সোনার দাম কমেছিল প্রায় ৩৯ শতাংশ। আগের সর্বোচ্চ দাম অতিক্রম করতে সময় লেগেছিল প্রায় নয় বছর। ২০২০ সালের জুলাইয়ে সেই অবস্থানে পৌঁছায় সোনা।

তবে তুলনামূলক ছোট দরপতন থেকে ঘুরে দাঁড়াতে সময় কম লেগেছে। ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের সময় সোনার দাম প্রায় ২১ শতাংশ কমেছিল। কিন্তু দেড় বছরের মধ্যেই দাম আগের সর্বোচ্চ অবস্থান ছাড়িয়ে যায়।

অতীতের তথ্য বলছে, বড় দরপতনের পরও সোনার দাম শেষ পর্যন্ত আগের সর্বোচ্চ অবস্থান অতিক্রম করেছে। তবে সেই পুনরুদ্ধারে কত সময় লাগবে, তার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। ছোট দরপতনের ক্ষেত্রে কয়েক মাস সময় লাগলেও বড় পতনের পর কখনো কয়েক দশক অপেক্ষা করতে হয়েছে।

বিশ্ববাজারে সোনার দামের হিসাব করা হয় ডলারে। কিন্তু বাংলাদেশের ক্রেতারা সোনা কেনেন টাকায়। ফলে দেশের বাজারে সোনার প্রকৃত মূল্য নির্ধারণে বিশ্ববাজারের দাম ছাড়াও ডলারের বিনিময় হার ও মূল্যস্ফীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রথমত, ডলারের বিপরীতে টাকার মান কমলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম অপরিবর্তিত থাকলেও বাংলাদেশে তা কিনতে বেশি টাকা লাগে। ১৯৯০ সালে এক ডলার কিনতে যেখানে প্রায় ৩৫ টাকা লাগত, বর্তমানে সেখানে প্রয়োজন হচ্ছে প্রায় ১২৫ টাকা।

দ্বিতীয়ত, মূল্যস্ফীতির কারণে সময়ের সঙ্গে টাকার ক্রয়ক্ষমতা কমে যায়। ১০ বছর আগে এক লাখ টাকা দিয়ে যে পরিমাণ পণ্য কেনা যেত, এখন একই টাকা দিয়ে তা কেনা সম্ভব নয়। ফলে সোনা বিক্রি করে আগের সমপরিমাণ টাকা ফিরে পেলেও প্রকৃত অর্থে বিনিয়োগের ক্ষতি পুষিয়ে যায় না।

অর্থাৎ টাকার হিসাবে সোনার প্রকৃত মূল্য নির্ধারণে তিনটি বিষয় কাজ করে—বিশ্ববাজারে সোনার দাম, ডলারের বিপরীতে টাকার বিনিময় হার এবং দেশের মূল্যস্ফীতি। ডলারের দাম বাড়লে সোনার দামের পতনের প্রভাব কিছুটা কমে আসে। অন্যদিকে মূল্যস্ফীতি প্রকৃত লোকসানের পরিমাণ বাড়িয়ে দেয়।

এর একটি উদাহরণ পাওয়া যায় ২০১২ সালের সোনার বাজারে। ওই বছরের সেপ্টেম্বরে টাকার হিসাবে সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে ছিল। তখন কেউ এক লাখ টাকার সোনা কিনলে ২০১৫ সালের ডিসেম্বরে তার বাজারমূল্য কমে দাঁড়াত প্রায় ৫৯ হাজার ৫০০ টাকায়। অর্থাৎ সরাসরি লোকসান হতো প্রায় ৪০ হাজার ৫০০ টাকা।

তবে মূল্যস্ফীতি বিবেচনায় নিলে লোকসানের পরিমাণ আরও বেশি। ২০১৫ সালে ওই সোনা বিক্রি করে যত পণ্য কেনা যেত, ২০১২ সালে সেই পরিমাণ পণ্য কিনতে খরচ হতো মাত্র ৪৮ হাজার টাকা। অর্থাৎ ক্রয়ক্ষমতার হিসাবে ক্ষতি হয়েছিল প্রায় ৫২ হাজার টাকার সমান।

শুধু টাকার অঙ্কে আগের অবস্থানে ফিরতে সময় লেগেছিল সাড়ে সাত বছর, ২০২০ সালের এপ্রিল পর্যন্ত। আর আগের সমপরিমাণ পণ্য কেনার সক্ষমতা ফিরে পেতে অপেক্ষা করতে হয়েছিল সাড়ে ১২ বছর, অর্থাৎ ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত।

চলতি বছরের পরিস্থিতিও বিনিয়োগকারীদের জন্য উদ্বেগজনক। এ বছর ডলারের দাম খুব বেশি বাড়েনি। ১২২ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে হয়েছে ১২৪ টাকা ৭৪ পয়সা। ফলে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে বিশ্ববাজারে সোনার দরপতনের প্রভাব খুব বেশি আড়াল হয়নি।

অন্যদিকে দেশে মূল্যস্ফীতি অব্যাহত রয়েছে। মাসিক গড় দামের হিসাবে, ফেব্রুয়ারিতে কেউ এক লাখ টাকার সোনা কিনলে অক্টোবরে তার মূল্য দাঁড়িয়েছে প্রায় ৮২ হাজার টাকা। অর্থাৎ সরাসরি লোকসান প্রায় ১৮ হাজার টাকা। মূল্যস্ফীতি বিবেচনায় নিলে লোকসানের পরিমাণ দাঁড়ায় প্রায় ২২ হাজার টাকা। একই সময়ে ডলারের হিসাবে সোনার দাম কমেছে প্রায় ১৮ শতাংশ।

এ থেকে বোঝা যায়, বছরের শুরুতে যাঁরা সোনা কিনেছেন, তাঁদের প্রকৃত ক্রয়ক্ষমতার হিসাবে লোকসান বিশ্ববাজারে ডলারের হিসাবে দেখা লোকসানের চেয়েও বেশি।

দেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল ২৯ জানুয়ারি। সেদিন প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। ২১ নভেম্বর তা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। দুই দামের ব্যবধান ৯১ হাজার ৩৭ টাকা। অর্থাৎ ঘোষিত দামের হিসাবে কমেছে প্রায় ৩২ শতাংশ।

তবে এ দুটি দাম সরাসরি তুলনা করলে প্রকৃত চিত্র পাওয়া যায় না। কারণ, জানুয়ারিতে বাজুস ঘোষিত দামের সঙ্গে ক্রেতাকে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট দিতে হতো। পরে জুনে সংসদে পাস হওয়া অর্থ বিলে ৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে ভরিপ্রতি ২ হাজার ৫০০ টাকা নির্দিষ্ট ভ্যাট নির্ধারণ করা হয়। ১৮ জুন থেকে বাজুস ভ্যাটসহ সোনার দাম ঘোষণা করছে।

ক্রেতার প্রকৃত খরচ বিবেচনায় নিলে জানুয়ারিতে এক ভরি সোনা কিনতে প্রায় ৩ লাখ ৩০০ টাকা লাগত। বর্তমানে লাগছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। অর্থাৎ ভ্যাটসহ হিসাব করলে দাম কমেছে প্রায় ৩৫ শতাংশ। তবে অলংকার তৈরির মজুরি এর বাইরে।

সোনার দামের পাশাপাশি পুরোনো অলংকার বিক্রির নিয়মেও পরিবর্তন এনেছে বাজুস। সংগঠনটি জানিয়েছে, ২২ নভেম্বর রোববার থেকে পুরোনো অলংকার বিক্রির সময় আগে ১৮ শতাংশ বাদ দেওয়ার পরিবর্তে ১৫ শতাংশ বাদ দেওয়া হবে। আর পুরোনো সোনা দিয়ে নতুন সোনা কেনার ক্ষেত্রে আগে ১২ শতাংশ বাদ দেওয়া হলেও এখন বাদ যাবে ৯ শতাংশ।

এই নিয়ম অনুযায়ী, বর্তমান বাজারদরে ২২ ক্যারেটের এক ভরি পুরোনো সোনা বিক্রি করলে পাওয়া যাবে প্রায় ১ লাখ ৬৫ হাজার ৭১৯ টাকা।

অর্থাৎ জানুয়ারিতে প্রায় ৩ লাখ ৩০০ টাকা দিয়ে এক ভরি সোনা কেনা ব্যক্তি এখন তা বিক্রি করলে লোকসান হবে প্রায় ১ লাখ ৩৪ হাজার ৫৮২ টাকা। শতাংশের হিসাবে এই লোকসান প্রায় ৪৫ শতাংশ। অলংকার তৈরির মজুরি হিসাব করলে প্রকৃত লোকসান আরও বাড়বে।

চলতি বছর সোনার বাজারের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো দামের ঘন ঘন পরিবর্তন। ২০২৫ সালে পুরো বছরে বাজুস ৯৩ বার সোনার দাম সমন্বয় করেছিল। অথচ চলতি বছরের ১৯ সেপ্টেম্বরের মধ্যেই দাম সমন্বয়ের সংখ্যা দাঁড়ায় ১১৬। এর মধ্যে ৫৮ বার দাম বাড়ানো হয়েছে এবং ৫৮ বার কমানো হয়েছে।

শুধু নভেম্বর মাসেই ২১ তারিখ পর্যন্ত ১২ বার সোনার দাম পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ আগের তুলনায় সোনার বাজারে ওঠানামা অনেক বেড়েছে।

সাধারণত মানুষ বিপদের দিনের সঞ্চয় কিংবা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনা কিনে রাখেন। দীর্ঘ মেয়াদে সোনা সম্পদের মূল্য ধরে রাখতে সহায়তা করলেও ইতিহাস বলছে, সর্বোচ্চ দামে সোনা কিনলে লোকসান কাটিয়ে উঠতে এক যুগের বেশি সময়ও লেগে যেতে পারে।

বিশেষ করে বাংলাদেশের বিনিয়োগকারীদের জন্য বিষয়টি আরও জটিল। কারণ, বিশ্ববাজারে সোনার দাম কমার পর আগের অবস্থানে ফিরলেও টাকার অবমূল্যায়ন ও মূল্যস্ফীতির প্রভাব বিবেচনায় প্রকৃত ক্রয়ক্ষমতা ফিরে পেতে আরও বেশি সময় লাগতে পারে।

তাই সোনার দাম কমছে দেখে তাড়াহুড়ো করে বিনিয়োগ করা কিংবা আরও দাম কমার আশঙ্কায় লোকসানে সোনা বিক্রি করে দেওয়া—কোনোটিই যথাযথ বিশ্লেষণ ছাড়া করা উচিত নয়। দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রেও সোনার কেনার সময়, বাজারদর এবং মূল্যস্ফীতির প্রভাব বিবেচনায় রাখা জরুরি।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০