শেখ হাসিনার ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ২:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন—এমন গুঞ্জনের পর যশোরের বেনাপোলসহ গুরুত্বপূর্ণ কয়েকটি সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যাতে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারেন, সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি।
আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ার পর যশোরের বেনাপোল সীমান্তসহ গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় বিজিবির একটি টহল দল বেনাপোল সীমান্ত এলাকায় টহল দেয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। দলটির কোনো নেতাকর্মী বা সহযোগী যাতে অবৈধ পথে দেশে প্রবেশ করতে না পারেন, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি বলেন, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজিবির এই অধিনায়ক আরও বলেন, সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় তৎপর রয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।
সীমান্ত এলাকার অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। সীমান্তে কোনো অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা সঠিকভাবে বিজিবিকে জানানোর আহ্বান জানান তিনি।
লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান বলেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পারস্পরিক যোগাযোগ ও তথ্য আদান-প্রদান বাড়ানো গেলে সীমান্ত এলাকার অপরাধ দমন আরও সহজ হবে।
১০৬ বার পড়া হয়েছে