পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড: ৫ মাসে ১৮ কোটি টাকা
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। প্রায় পাঁচ মাস পর শনিবার (২১ নভেম্বর) দানবাক্সগুলো খুলে এই বিপুল পরিমাণ অর্থ পাওয়া যায়। নগদ টাকার পাশাপাশি দানবাক্সে মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রুপার অলংকার। দানের অর্থ দিয়ে আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স নির্মাণের পাশাপাশি দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসায় ব্যয় করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।
শনিবার সকাল ৭টায় কিশোরগঞ্জের পাগলা মসজিদের লোহার দানবাক্সগুলো খোলা হয়। এ সময় প্রতিটি বাক্সে বিপুল পরিমাণ টাকা দেখা যায়।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামের উপস্থিতিতে দানবাক্স খোলার কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় বিপুলসংখ্যক পুলিশ, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।
দানবাক্স থেকে পাওয়া টাকা ৫১টি বস্তায় ভরে মসজিদের দোতলায় নেওয়া হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে প্রায় ৪০০ মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষক এবং শতাধিক ব্যাংক কর্মকর্তা টাকা গণনার কাজে অংশ নেন। সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ১৫ ঘণ্টায় গণনা শেষ হয়। এতে মোট ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা পাওয়া যায়।
সাধারণত তিন থেকে চার মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হলেও এবার প্রায় পাঁচ মাস পর সেগুলো খোলা হয়েছে। ১৫টি দানবাক্সে নগদ অর্থের পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, রুপা ও স্বর্ণালংকার পাওয়া গেছে।
এর আগে চলতি বছরের ২৭ জুন ছয় মাস পর মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়েছিল। সেদিন ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। দিন শেষে গণনা করে এর পরিমাণ দাঁড়ায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। তখনো নগদ অর্থের পাশাপাশি স্বর্ণ-রুপার অলংকার ও বিদেশি মুদ্রা পাওয়া গিয়েছিল।
পাগলা মসজিদকে ঘিরে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিশ্বাস ও জনশ্রুতি প্রচলিত রয়েছে। অনেকের বিশ্বাস, এখানে মানত করলে রোগ-বালাই থেকে মুক্তিসহ মনের আশা পূরণ হয়। এ বিশ্বাস থেকে বিভিন্ন ধর্মের মানুষ মসজিদটিতে নগদ অর্থ, স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রা, গরু, ছাগল, হাঁস-মুরগিসহ বিভিন্ন সামগ্রী দান করেন। দেশের বাইরে থেকেও অনেকে মসজিদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অর্থ পাঠান।
রাজধানীর যাত্রাবাড়ী থেকে মানতের টাকা দিতে আসেন পুষ্প রাণী বর্মন। তিনি বলেন, তাঁর দুটি খাসি মানত করা ছিল। মনের আশা পূরণ হওয়ায় তিনি সেই মানত অনুযায়ী দান করতে এসেছেন।
নেত্রকোনার কেন্দুয়া থেকে আসা আফিল উদ্দিন জানান, তিনি পাগলা মসজিদে একটি গরু মানত করেছিলেন। তাঁর নিয়ত অনুযায়ী মনের আশা পূরণ হওয়ায় এবার গরুটি দান করেছেন।
পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, এবার দানের অর্থের পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ইতিমধ্যে দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে পাগলা মসজিদ।
তিনি আরও জানান, এবারের দানের অর্থসহ মসজিদের ব্যাংক হিসাবে মোট ১৫১ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ৮১ টাকা জমা হয়েছে। এই অর্থ দিয়ে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জনশ্রুতি রয়েছে, প্রায় আড়াই শ বছর আগে পাগলবেশী এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মাঝখানে মাদুর বিছিয়ে ভেসে এসে বর্তমান মসজিদ এলাকার হারুয়ায় থামেন। তাঁকে ঘিরে সেখানে বহু ভক্তের সমাগম ঘটে। ওই ব্যক্তির মৃত্যুর পর তাঁর সমাধির পাশে একটি মসজিদ গড়ে তোলা হয়। পরবর্তী সময়ে এটি পাগলা মসজিদ নামে পরিচিতি লাভ করে।
কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীর তীরে ৩ একর ৮৮ শতাংশ জমির ওপর মসজিদটি অবস্থিত। ১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াক্ফ এস্টেটের অধীনে মসজিদটি পরিচালিত হয়ে আসছে।
১০৫ বার পড়া হয়েছে