প্রকল্প মেয়াদ শেষ, এখনও শুরুই হয়নি ২৬ লাখ টাকার উন্নয়ন কাজ
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে ২৬ লাখ ৫৯ হাজার ৪০০ টাকা বরাদ্দের ৯টি উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময় পার হলেও শুরু হয়নি। ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ বরাদ্দের আওতায় নেওয়া এসব প্রকল্প বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে কাজ শুরু না হওয়ায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন।
প্রকল্প-সংশ্লিষ্ট নথি অনুযায়ী, জামালপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সড়ক নির্মাণ, কালভার্ট স্থাপন ও সংস্কারসহ মোট ৯টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন সহায়তা খাতের বিশেষ বরাদ্দ থেকে এসব প্রকল্পের জন্য ২৬ লাখ ৫৯ হাজার ৪০০ টাকা বরাদ্দ দেওয়া হয়।
নথিতে প্রকল্পগুলোর কাজ শুরুর তারিখ ১৪ জুন ২০২৬ এবং শেষ করার সময়সীমা ৩০ জুন ২০২৬ উল্লেখ রয়েছে। তবে নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও কোনো প্রকল্পের কাজ মাঠপর্যায়ে শুরু হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন এলাকার সড়ক ও অবকাঠামো বেহাল অবস্থায় রয়েছে। বিশেষ করে চলাচলের অনুপযোগী সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করতে গিয়ে শিক্ষার্থী, কৃষক, কর্মজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে এই ভোগান্তি আরও বেড়ে যায়।
স্থানীয় বাসিন্দা বিদেশী আশরাফ, খোকা মিয়া ও আলমগীর জানান, দীর্ঘদিন ধরে সড়কের বেহাল অবস্থার কারণে তাঁদের চলাচলে সমস্যা হচ্ছে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে একাধিকবার জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। সরকারি বরাদ্দ থাকার পরও উন্নয়নকাজ শুরু না হওয়ায় তাঁরা হতাশ।
তাঁদের দাবি, দ্রুত প্রকল্পগুলোর কাজ শুরু করে চলাচলের দুর্ভোগ কমাতে হবে। পাশাপাশি বরাদ্দ থাকার পরও কেন নির্ধারিত সময়ে কাজ শুরু হয়নি, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউছার মণ্ডল ইটের দাম বৃদ্ধি ও বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে প্রকল্পের কাজ শুরু না হওয়ার ব্যাখ্যা দিয়েছেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু করতে না পারার বিষয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুল জান্নাত জানান, প্রকল্পগুলোর কাজ শুরু না হওয়ায় ইতিমধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রশাসনের চিঠি দেওয়ার পাশাপাশি প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিস্থিতি সরেজমিনে যাচাই করা প্রয়োজন। প্রকল্পের অর্থ ছাড়, কার্যাদেশ, বাস্তবায়ন কমিটি গঠন এবং বরাদ্দের অর্থ ব্যয়ের হিসাব খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা। বরাদ্দের অর্থ উত্তোলন করা হয়ে থাকলে তা কোথায় ব্যয় হয়েছে, আর অর্থ ছাড় না হলে তার কারণ কী, সেটিও তদন্তের আওতায় আনার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
তাঁদের মতে, সরকারি উন্নয়ন প্রকল্পের উদ্দেশ্য মানুষের দুর্ভোগ কমানো এবং এলাকার অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা। কিন্তু বরাদ্দ থাকার পরও নির্ধারিত সময়ে কাজ শুরু না হওয়ায় সাধারণ মানুষ উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। তাই প্রকল্পগুলোর কাজ দ্রুত শুরু করার পাশাপাশি অনিয়ম বা দায়িত্বে অবহেলা হয়ে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
১২১ বার পড়া হয়েছে