সরকারি কর্মচারীদের আওয়ামী-সংশ্লিষ্টতা সরকারের নজরদারিতে আছে
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী চাকরিরত অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন কি না, তা সরকার সর্বোচ্চ পর্যায়ে নজরদারি করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। একই সঙ্গে গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার কথা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের সার্বিক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকায় অনেক মানুষ দলটির সঙ্গে যুক্ত ছিলেন। তবে সেটি সমস্যা নয়। সমস্যা হলো, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকা।
জাহেদ উর রহমান বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মচারীর পোশাকে আওয়ামী লীগ আছে। প্রত্যেক জায়গায় সরকারের নজরদারি সর্বোচ্চ পর্যায়ে আছে।’
এ বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য রয়েছে কি না, জানতে চাইলে তিনি বিস্তারিত জানাতে রাজি হননি। তবে সরকার দ্রুত বিষয়গুলো সামাল দিতে পারবে বলে আশ্বস্ত করেন তিনি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, দলটির নামে যেকোনো কর্মসূচি বেআইনি।
গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা ও হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি বলেন, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে। যাঁদের ছবি ও ভিডিও ফুটেজে অস্ত্র হাতে দেখা গেছে, তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, গতকাল থেকে গোপালগঞ্জে যৌথ বাহিনী দায়িত্ব পালন করছে। যাঁদের ছবি প্রকাশিত হয়েছে, তাঁদের গ্রেপ্তার করা হবে এবং বিচারের মুখোমুখি করা হবে।
পুলিশের বলপ্রয়োগের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের বলপ্রয়োগের অধিকার রয়েছে। তবে পরিস্থিতির তুলনায় যেন অতিরিক্ত বলপ্রয়োগ না করা হয়, সেটি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
অতীতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে সমালোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না।
১৩৮ বার পড়া হয়েছে