সর্বশেষ

খেলা

আর্জেন্টিনায় ম্যাচ চলাকালে মাথায় আঘাত, ১৮ বছর বয়সী ফুটবলারের মৃত্যু

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
আর্জেন্টিনার ফুটবলাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ম্যাচ চলাকালে মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা গেছেন ১৮ বছর বয়সী ফুটবলার আবেল নুনেস। তিনি দেশটির এজেইজা ফুটবল ক্লাবের হয়ে খেলতেন।

টাইসি স্পোর্টসের বরাতে জানা গেছে, গত বৃহস্পতিবার আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের যুব ‘সি’ টুর্নামেন্টের পঞ্চম বিভাগের একটি ম্যাচে এ দুর্ঘটনা ঘটে। ১০ নম্বর জার্সি পরা নুনেস বল ক্লিয়ার করতে গিয়ে মাথায় জোরালো আঘাত পান। এরপর তিনি অজ্ঞান হয়ে মাঠে পড়ে যান।

ঘটনার পরপরই মাঠে তাঁর চিকিৎসা শুরু হয়। কিছুক্ষণ পর তাঁকে একটি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। নুনেসের আহত হওয়ার ঘটনায় ম্যাচটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাঁর জরুরি অস্ত্রোপচার করা হয়। তবে চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।

নুনেসের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর নিজ ক্লাব এজেইজা ছাড়াও আর্জেন্টিনার ফুটবলাঙ্গনে। বিশেষ করে নুয়েভা এস্ত্রেয়া ফুটসাল রিজার্ভ দলের সদস্যদের মধ্যে শোক ছড়িয়ে পড়েছে। ২০২৪ সালে তিনি এই দলে যোগ দিয়েছিলেন। তাঁর মৃত্যুর পর দলটি নিজেদের সব ম্যাচ স্থগিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নুনেসের মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছে এজেইজা ফুটবল ক্লাব। বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘ক্লাব হিসেবে এটি আমাদের জানানো সবচেয়ে কষ্টের খবর। গভীর বেদনা ও শোকের সঙ্গে আমরা এমন এক তরুণকে বিদায় জানাচ্ছি, যার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। আজ সে আমাদের এক অবর্ণনীয় শূন্যতায় রেখে গেছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ম্যাচ চলাকালে নুনেস কষ্টদায়ক আঘাত পেয়েছিলেন। তাঁর মৃত্যুতে ক্লাব গভীরভাবে শোকাহত। স্বপ্ন ও আকাঙ্ক্ষায় ভরা এই সতীর্থকে হারিয়ে তারা মুহ্যমান। তিনি ছিলেন ক্লাব পরিবারের একজন সদস্য।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের অধীনে নুয়েভা এস্ত্রেয়া রিজার্ভ দলের হয়ে ফুটসাল খেলতেন নুনেস। তাঁর মৃত্যুতে সমবেদনা জানিয়ে ক্লাবটি আর্জেন্টিনোস জুনিয়র্সের বিপক্ষে নিজেদের ম্যাচসহ দিনের সব ক্রীড়া আয়োজন বাতিল করেছে।

নুয়েভা এস্ত্রেয়া তাদের বিবৃতিতে জানায়, আবেলের মৃত্যুর পর গভীর দুঃখ ও বেদনার সঙ্গে দিনের সব ক্রীড়া আয়োজন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে এই কঠিন সময়ে তাঁর পরিবার, বন্ধু ও ক্লাবের পুরো সম্প্রদায়ের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

১৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০