ভিসাপ্রত্যাশীদের তৃতীয় পক্ষের সেবা না নেওয়ার পরামর্শ মার্কিন দূতাবাসের
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী ভিসাপ্রত্যাশীদের সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ভিসা আবেদনে সঠিক ও নির্ভুল তথ্য দেওয়ার পাশাপাশি দালাল, মধ্যস্বত্বভোগী কিংবা তৃতীয় পক্ষের সহায়তা নেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস। একই সঙ্গে ভিসা-সংক্রান্ত কাজে অতিরিক্ত অর্থ ব্যয় না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে ভিসাপ্রত্যাশীদের উদ্দেশে এ সতর্কবার্তা দেয় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
পোস্টে দূতাবাস জানায়, ভিসা আবেদনে দেওয়া প্রতিটি তথ্য সঠিক ও সত্য কি না, তা নিশ্চিত করার দায়িত্ব আবেদনকারীর নিজের। তাই আবেদন জমা দেওয়ার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া ভিসা সাক্ষাৎকারের জন্য আবেদনকারীদের নিজেরাই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। প্রয়োজনে পরিবারের বিশ্বস্ত কোনো সদস্য অথবা বন্ধুর সহায়তা নেওয়া যেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
ভিসা প্রক্রিয়ায় মধ্যস্বত্বভোগী ও বিভিন্ন এজেন্সির ভূমিকা নিয়ে সতর্ক করে দূতাবাস জানিয়েছে, ভিসা-সংক্রান্ত কাজে তৃতীয় পক্ষের সেবা নেওয়া এবং এ জন্য অতিরিক্ত ফি দেওয়া থেকে বিরত থাকতে হবে।
দূতাবাসের এই সতর্কবার্তার মাধ্যমে ভিসাপ্রত্যাশীদের নিজ দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা এবং প্রতারণার ঝুঁকি এড়িয়ে চলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
১২৯ বার পড়া হয়েছে