মুন্সীগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা: মানসম্মত কাজ ও দ্রুত বাস্তবায়নের নির্দেশ
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১০:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প কাজ সম্পন্ন ও কাজের গুণগত মান নিশ্চিত করার তাগিদ দিয়েছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় জনগণের ভোগান্তি কমাতে ও জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বিশেষ নির্দেশনাবলী প্রদান করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত উক্ত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হকের পরিচালনায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা: নাজমা নাহার, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমি মাহবুব এবং অতিরিক্ত পুলিশ সুপার (পিপিএম) মোহাম্মদ বিল্লাল হোসেন।
সভায় পূর্ববর্তী মাসের সিদ্ধান্তের আলোকে বাস্তবায়িত নানা উন্নয়নমূলক কাজের অগ্রগতি বিশদভাবে পর্যালোচনা করা হয়। একই সাথে মুন্সীগঞ্জ জেলাজুড়ে চলমান সরকারি প্রকল্পগুলোর কাজের গতি বজায় রেখে সময়মতো বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের নিজস্ব প্রকল্প এলাকা সরজমিনে পরিদর্শন করার নির্দেশনা প্রদান করেন। উন্নয়নকাজে গুণগত মান বজায় রাখার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নির্মাণ বা সংস্কারকাজের জন্য যেন সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে কোনো ধরনের ভোগান্তি তৈরি না হয়।
উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি জেলাজুড়ে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
১১৮ বার পড়া হয়েছে