মহিপুরে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, ৩ জনের বিরুদ্ধে মামলা
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের জেরে ১৯ বছর বয়সী এক যুবতী ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী নারী পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের তালিকায় বরগুনার জেলা তথ্য অফিসারও রয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামে স্থানীয় এক তরুণীকে বিয়ের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে অভিযুক্ত নাসিম হাওলাদার একাধিকবার শারীরিক সম্পর্ক গড়েন। এর ফলে ভুক্তভোগী ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু আসামিপক্ষ কালক্ষেপণ করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়।
ভুক্তভোগী নারী পরবর্তীতে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৯(১)/৩০ ধারায় মামলা দায়ের করেন। মামলায় নাসিম হাওলাদার ছাড়াও তাঁর বাবা শামীম হাওলাদার এবং চাচা বরগুনা জেলা তথ্য অফিসার মো. মনিরুল ইসলাম বেল্লালকে আসামি করা হয়েছে। প্রধান অভিযুক্তকে গোপনে বিদেশে পাঠানোর উদ্দেশ্যে ইতোমধ্যে পাসপোর্ট তৈরি করা হয়েছে বলে বাদী অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্তের চাচা ও জেলা তথ্য অফিসার মনিরুল ইসলাম বেল্লাল জানান, তিনি চাকরির কারণে বরগুনায় অবস্থান করেন এবং এ বিষয়ে কিছুই জানেন না। দুই পরিবারের মধ্যে সমাধান প্রক্রিয়ায় জমি ও সুবিধার দাবির কারণে বিষয়টি অমীমাংসিত থেকে যায় বলে দাবি করে তিনি বলেন, হয়রানি করার উদ্দেশ্যেই তাঁকে আসামি করা হয়েছে। এদিকে মহিপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
১১৮ বার পড়া হয়েছে