সুন্দরবনের দুবলারচরে রাসপূজা: যাতায়াতে বন বিভাগের ৫ রুট ও কড়া নির্দেশনা
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১২:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সুন্দরবনের ঐতিহ্যবাহী দুবলারচরে আসন্ন রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে তীর্থযাত্রীদের নিরাপদ যাতায়াতে পাঁচটি নৌপথ নির্ধারণ করেছে বন বিভাগ। আগামী ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এই উৎসবে শুধু সনাতন ধর্মাবলম্বীদের নির্দিষ্ট কিছু শর্ত ও নিয়ম মেনে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী-কোবাডক থেকে হংসরাজ নদী হয়ে দুবলারচর, কয়রা-কাশিয়াবাদ থেকে মরজাত নদী হয়ে দুবলারচর, নলিয়ান স্টেশন থেকে শিবসা-মরজাত নদী, ঢাংমারী বা চাঁদপাই স্টেশন থেকে পশুর নদী এবং বগী-বলেশ্বর হয়ে দুবলারচর—এই পাঁচটি নৌপথ তীর্থযাত্রীদের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিটি অনুমোদিত নৌযানের অনুমতিপত্রে নির্দিষ্ট রুট উল্লেখ থাকবে এবং কেবল দিনের বেলা চলাচলের নির্দেশ রয়েছে।
উৎসবে যোগ দিতে ইচ্ছুক পুণ্যার্থীদের জাতীয় পরিচয়পত্র অথবা স্থানীয় ইউপি চেয়ারম্যানের সনদপত্র জমা দিয়ে নির্ধারিত রাজস্ব পরিশোধের মাধ্যমে অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। যাত্রা শুরুর পর বন বিভাগের নির্দিষ্ট চেকিং পয়েন্ট ছাড়া অন্য কোথাও নৌকা থামানো যাবে না। পাশাপাশি প্রতিটি ট্রলারে পর্যাপ্ত লাইফ জ্যাকেট, বয়া, ট্রলারের গায়ে যাত্রীসংখ্যা ও নম্বর প্রদর্শন করা বাধ্যতামূলক করা হয়েছে।
সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় উৎসবে একাধিক কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন এলাকায় সব ধরনের আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, বন্যপ্রাণী শিকারের ফাঁদ বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একইসঙ্গে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য, পটকা, বাজি ও লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। কোনো প্রকার নিয়ম লঙ্ঘন করা হলে আইনশৃঙ্খলা বাহিনী আইনি ব্যবস্থা নেবে।
রাস উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সুন্দরবনজুড়ে বন বিভাগ, কোস্টগার্ড ও বিজিবির বিশেষ টহল দল মোতায়েন থাকবে। আলোরকোলে স্থাপিত মূল নিয়ন্ত্রণকক্ষে প্রতিটি নৌযানকে বাধ্যতামূলক রিপোর্ট করার জন্য বন বিভাগের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
১১৯ বার পড়া হয়েছে