টাঙ্গাইলে মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইলের মির্জাপুরে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার নির্মম ঘটনায় ছেলে মো. ইউনুস মণ্ডলকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মশাজান গ্রামের বাসিন্দা ইউনুস মণ্ডল তার বৃদ্ধা মা ফুলমালা বেগমের সঙ্গে একই বাড়িতে বাস করতেন। পেশায় কৃষিজীবী ইউনুস প্রায়শই তুচ্ছ বিষয় নিয়ে মায়ের সঙ্গে খারাপ আচরণ ও অকথ্য ভাষায় গালিগালাজ করতেন।
মামলার বিবরণ অনুযায়ী, পারিবারিক কলহের জের ধরে আসামি ঘর থেকে বাঁশের লাঠি এনে মায়ের মাথায় ও শরীরে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন ফুলমালা বেগম। ঘটনার পর নিহতের মেয়ে সেলিনা বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পরপরই পুলিশ আসামিকে গ্রেপ্তার করে। পরবর্তীতে অভিযুক্ত ম্যাজিস্ট্রেট ও আদালতে নিজের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত লাঠিটি উদ্ধার করা হয়। বিচার প্রক্রিয়া শেষে সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে আদালত এই চূড়ান্ত রায় প্রদান করেন।
১১৯ বার পড়া হয়েছে