মরিশাসে কন্টেইনার দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
আফ্রিকার দ্বীপরাষ্ট্র মরিশাসে কন্টেইনার দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। গত বুধবার (৪ নভেম্বর) দেশটির প্লেন-দে-পাপাই এলাকায় একটি কার্গো কন্টেইনার ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তে আনুষ্ঠানিক কমিটি গঠন করেছে মরিশাসের শ্রম মন্ত্রণালয়।
মরিশাসের শ্রমমন্ত্রী রেজা উতিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।
পুলিশ ও উদ্ধারকারী সূত্রের বরাতে জানা গেছে, প্লেন-দে-পাপাই এলাকার একটি কার্গো কন্টেইনার ইয়ার্ডে দুর্ঘটনাটি ঘটে। সেখানে কন্টেইনারের ভেতরে ভারী কাঠের বাক্সের নিচে চাপা পড়ে প্রাণ হারান তিন বাংলাদেশি শ্রমিক।
নিহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বিলাল (৩৭) ও সিকদার জোবায়েদ ইসলাম (২৫)। তাঁরা সবাই প্লেন-দে-পাপাই এলাকার একটি অ্যালুমিনিয়াম প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁরা তিন শ্রমিককে উদ্ধার করেন। তবে জরুরি উদ্ধারকারী দলের চিকিৎসকেরা নিশ্চিত করেন, কন্টেইনারের ভেতরেই তাঁদের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কর্মস্থলে যথাযথ নিরাপত্তাব্যবস্থা ছিল কি না এবং শ্রমিকদের প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী সরবরাহ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি।
এদিকে নিহত শ্রমিকদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন শ্রমমন্ত্রী রেজা উতিম। তিনি জানিয়েছেন, নিয়োগকারী প্রতিষ্ঠানকে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি স্বজনদের ইচ্ছা অনুযায়ী মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করতে হবে।
১১৪ বার পড়া হয়েছে