দেনমোহর ২ লাখ হলেও সার্জেন্ট সাবিহা নেন ৪৯ লাখ, নেপথ্যের গল্প জানালেন সাইফ
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নারী সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যাংক অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের নেপথ্য কারণ ব্যাখ্যা করেছেন নিউরন কোচিং সেন্টারের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম। বিবাহবিচ্ছেদ-পরবর্তী সমঝোতার অংশ হিসেবে এই অর্থ লেনদেন করা হয়েছিল বলে সংবাদ সম্মেলনে জানান তিনি। তবে নিজের ব্যাংক হিসাব ব্যবহার করে এই বিপুল অঙ্কের অর্থ লেনদেন করা ভুল ছিল বলেও স্বীকার করেন সাইফুল।
রোববার বিকেলে রাজশাহী নগরের চণ্ডীপুর কদমতলা এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম বিভিন্ন কাগজপত্র ও তথ্যপ্রমাণ উপস্থাপন করেন। তিনি জানান, ২০২২ সালের ১০ সেপ্টেম্বর সার্জেন্ট সাবিহা আক্তার ও পুলিশ কর্মকর্তা মাহবুব আলমের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, তালাকনামায় দেনমোহর বাবদ দুই লাখ টাকা নির্ধারিত থাকলেও পরবর্তীতে উভয় পক্ষের সম্মতিতে ৫০ লাখ টাকায় বিষয়টি সমঝোতা করা হয়। এই অর্থ জোগাড় করতে সাবেক স্বামী মাহবুব আলমের কয়েকটি এফডিআর ভাঙানো হয়েছিল।
উভয় পক্ষ সরকারি চাকরিজীবী হওয়ায় আইনি জটিলতা এড়াতে তৃতীয় পক্ষ হিসেবে নিজের ব্যাংক হিসাব ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানান সাইফুল। মানবিক কারণে তিনি এই প্রস্তাবে রাজি হন এবং পরে তাঁর হিসাব থেকে সাবিহা আক্তারের অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তর করা হয়।
ব্যক্তিগত ব্যাংক হিসাব ব্যবহার করে এত বড় অঙ্কের লেনদেন করা অনুচিত হয়েছে স্বীকার করে সাইফুল ইসলাম পুরো বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
১৬৪ বার পড়া হয়েছে