ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা: টেকসই উন্নয়নে জোর
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোঃ গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে সভায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যানজট নিরসন ও এডিস মশা প্রতিরোধসহ সার্বিক উন্নয়ন মূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। টেকসই জেলা গঠনে সকল সরকারি দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।
ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এই সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা করা হয়। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং হাম-রুবেলা টিকাদান অব্যাহত রয়েছে। এছাড়া জলাতঙ্ক ও সাপের কামড়ের প্রতিষেধক (স্নেক ভেনম) উপজেলা পর্যায়ে সুষ্ঠু বিভাজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার পরিচ্ছন্নতা ও যানজট নিরসনে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি সভায় তুলে ধরা হয়। ব্যস্ততম মোড়গুলোতে অতিরিক্ত স্বেচ্ছাসেবক দিয়ে যানজট নিয়ন্ত্রণের পাশাপাশি এডিস মশার বিস্তার রোধে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় মশার ওষুধ স্প্রে করার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
শিক্ষা ও স্বাস্থ্য প্রকৌশল দপ্তরের অগ্রগতি হিসেবে জানানো হয়, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১১২টি উন্নয়ন প্রকল্পের মধ্যে ১০৮টি কাজ এবং সরকারি স্কুলের ৫টি কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পাশাপাশি ময়মনসিংহ মেডিকেল কলেজে ১৫ তলা বিশিষ্ট নতুন ছাত্র হোস্টেল নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
কৃষি ও বাজার মনিটরিং ব্যবস্থাকে গতিশীল রাখতে ১৩টি উপজেলার ৩৯টি কৃষি ব্লকে লক্ষ্যমাত্রা অনুযায়ী কৃষক কার্ড বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে কৃষি বিপণন দপ্তর এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর বাজার তদারকি অব্যাহত রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সমাপনী বক্তব্যে সভাপতি বলেন, ময়মনসিংহের সার্বিক উন্নয়নে প্রতিটি দপ্তরের যৌথ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো কাজের ক্ষেত্রে জটিলতা দেখা দিলে দ্রুত সমন্বিত চেষ্টার মাধ্যমে তা সমাধান করে জেলার উন্নয়ন নিশ্চিত করতে জেলা প্রশাসন সবসময় সহযোগী ভূমিকা পালন করবে।
১৭০ বার পড়া হয়েছে