জামালপুরে ওভারপাসে বোমা সদৃশ বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ২:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুর শহরের গেইটপাড় এলাকার রেলওয়ে ওভারপাস থেকে উদ্ধার হওয়া বোমা সদৃশ বস্তুটি সফলভাবে নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। শুক্রবার রাতে ঘাটাইল সেনানিবাসের একটি বিশেষজ্ঞ দল বস্তুটির সফল বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে। এ ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছে স্থানীয় বিএনপি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ছয়টার দিকে রেলওয়ে ওভারপাসে একটি পরিত্যক্ত বস্তু পড়ে থাকতে দেখে পথচারীদের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হলে পুলিশ এসে নিরাপত্তার স্বার্থে ওভারপাসে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে।
খবর পেয়ে ঘাটাইল সেনানিবাস থেকে ২ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের মেজর শাহীনের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দলটি বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা শেষে নিরাপদে কাছেই ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে নিয়ে যায় এবং রাত সাড়ে ১১টার দিকে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে। বিস্ফোরণের সময় পুরো এলাকায় বিকট শব্দের সৃষ্টি হয়।
এদিকে ঘটনাটিকে ঘিরে জামালপুর সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও সাবেক ফ্যাসিস্টের দোসরদের অভিযুক্ত করেন। তিনি জানান, রাজনৈতিকভাবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতেই এই চক্রান্তের আশ্রয় নেওয়া হয়েছে, তবে কোনো ষড়যন্ত্র করেই জামালপুরকে অস্থিতিশীল করা সম্ভব হবে না।
১৬৩ বার পড়া হয়েছে