মিরপুরে পৃথক স্থানে ৩ বাসে আগুন
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৬:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর মিরপুরে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাস তিনটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর মিরপুরে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) রাতে শাহ আলী থানার চিড়িয়াখানা সড়কে এবং একই দিন ভোরে পল্লবী থানার কালশী সড়কের ফুলকলি মোড়ে এসব ঘটনা ঘটে। এতে তিনটি বাসই ক্ষতিগ্রস্ত হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে শাহ আলী থানাধীন চিড়িয়াখানা সড়কের জাহাঙ্গীর হোটেলের সামনে পার্কিং করে রাখা চিড়িয়াখানা সিটি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন বাসটিতে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুনে বাসটির পেছনের অংশের ১৪ থেকে ১৬টি আসন, আসনের আবরণ, জানালার কাচ, পেছনের কাচ এবং গাড়ির বডির কিছু অংশ পুড়ে যায়। এতে আনুমানিক দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন শাহ আলী থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. রিপন। তিনি জানান, রাত আনুমানিক ১টার দিকে চিড়িয়াখানার পাশে পার্কিং করে রাখা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক দল কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের রাশেদ বিন খালেদ জানান, রাত ১টা ১৯ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে তার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। চিড়িয়াখানা সিটি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার খবর তাঁরা পেয়েছেন।
অন্যদিকে, বুধবার সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে পল্লবী থানাধীন মিরপুর সেকশন-১২-এর ফুলকলি মোড়ে রাস্তার ওপর পার্কিং করে রাখা আরও দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, বাস দুটি বিকল্প পরিবহন ও অভিজাত পরিবহনের। আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন পানি দিয়ে তা নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় বিকল্প পরিবহনের বাসটির সব আসন, কাচ ও বডি পুড়ে গেছে। অন্যদিকে, অভিজাত পরিবহনের বাসটির পেছনের দুটি জানালার কাচ, আসন ও আসনের আবরণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিকল্প পরিবহনের বাসটির আনুমানিক আট থেকে ১০ লাখ টাকা এবং অভিজাত পরিবহনের বাসটির প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন। তিনি বলেন, জনগণের মনে আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা বাসে আগুন দিচ্ছে। এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দুটি পৃথক স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। তবে এসব ঘটনার পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
১৩৩ বার পড়া হয়েছে