শিক্ষার নামে বাণিজ্য
কলাপাড়ায় চলছে ১০ অবৈধ বিদ্যালয়, প্রশাসনের অভিযানের সিদ্ধান্ত
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় শিক্ষা অধিদপ্তরের নিয়মনীতি উপেক্ষা করে সরকারি অনুমোদন ছাড়াই অন্তত ১০টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে। এসব প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করে মাসিক বেতন, সেশন ফি ও বই-খাতাসহ বিভিন্ন খাতে অভিভাবকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হচ্ছে। তবে অনেক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, অবকাঠামো ও পাঠদানের মান নিয়ে প্রশ্ন উঠেছে।
সরেজমিনে জানা গেছে, কলাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে গড়ে ওঠা একাধিক বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে পৌর শহরের গোলাপবাগ এলাকার কলাপাড়া আইডিয়াল স্কুলের অবস্থা নিয়ে স্থানীয় অভিভাবক ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
বিদ্যালয়টিতে অধিকাংশ দিন জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। নেই বিদ্যুৎ সংযোগ। একটি বেঞ্চে গাদাগাদি করে বসতে হয় তিন থেকে চারজন শিক্ষার্থীকে। ২৫ জন শিক্ষক থাকার কথা বলা হলেও তাঁদের অধিকাংশই নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না। এতে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক অভিভাবক জানান, বিদ্যালয়টিতে সেশন ফি ও মাসিক বেতন অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় বেশি। অথচ শ্রেণিকক্ষে বৈদ্যুতিক পাখার ব্যবস্থাও নেই। প্রচণ্ড গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। বিদ্যালয়ের পাশে পানিভর্তি ডোবা থাকায় সেখানে এডিস মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক বছর ধরে বিদ্যালয়টি বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছে। বর্তমানে গোলাপবাগ এলাকায় টিন দিয়ে তৈরি স্থাপনায় চলছে এর কার্যক্রম। তাঁদের অভিযোগ, বিদ্যালয়টির সরকারি অনুমোদন নেই এবং প্রায়ই শিক্ষকরা অনুপস্থিত থাকেন। পাশের খাল থেকেও দুর্গন্ধ ছড়ায়। এ অবস্থায় শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান তাঁরা।
এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মাসুদ রেজা বলেন, পাঠদানের অনুমতির জন্য তাঁরা আবেদন করেছেন। শিক্ষা বোর্ড থেকে সাময়িকভাবে পাঠদানের অনুমতি দেওয়া হয়েছে। সেই অনুযায়ী বিদ্যালয়ের কার্যক্রম চলছে। ভর্তি হওয়া শিক্ষার্থীদের বই সোবাহান সিকদার মডেল একাডেমি থেকে সরবরাহ করা হয়।
কলাপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান বলেন, কলাপাড়া আইডিয়াল স্কুলের স্থাপনা নির্মাণ ও পাঠদানের কোনো অনুমোদন নেই। বর্তমানে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের মাধ্যমে নতুন বিদ্যালয়ের স্থাপনা ও পাঠদানের অনুমতি দেওয়ার নিয়ম নেই। এ জন্য সরাসরি শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে তাঁদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, অনুমোদন ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করতে পারে না। গণমাধ্যমের মাধ্যমে কলাপাড়া আইডিয়াল স্কুলের অনুমোদনহীনভাবে পাঠদান পরিচালনার বিষয়টি তিনি জানতে পেরেছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, কলাপাড়া উপজেলায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠান অনুমোদন ছাড়া অবৈধভাবে পাঠদান কার্যক্রম চালাচ্ছে, সেগুলোর বিরুদ্ধে খুব শিগগির অভিযান পরিচালনা করা হবে।
১১৮ বার পড়া হয়েছে