পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলা, অল্পের জন্য রক্ষা
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৬:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এই হামলা চালানো হয়। তবে নৈশপ্রহরী ও স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, দোগাছী বাজারে একটি ভাড়া ভবনে দীর্ঘ দিন ধরে গ্রামীণ ব্যাংকের এই শাখার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। রাত ১২টার পর হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত ভবনের সামনের অংশে এবং একটি কক্ষের জানালা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে মুহূর্তের মধ্যেই কক্ষের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ব্যাংকের নিরাপত্তাকর্মী আগুন দেখতে পেয়েই নিরাপত্তার স্বার্থে চিৎকার শুরু করেন। তাঁর ডাক-চিৎকারে আশপাশের স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং নিজস্ব উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল শাখার সহকারী মহাব্যাবস্থাপক (এজিএম) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। সময়মতো আগুন নেভানোর কারণে ব্যাংকের কোনো গুরুত্বপূর্ণ নথি বা বড় ধরনের সম্পদের ক্ষতি হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে।
১৩৫ বার পড়া হয়েছে