ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৭:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
২০২৭ সালে ইংল্যান্ড সফরে যাওয়ার আগে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ দল। চেমসফোর্ডে অনুষ্ঠিতব্য এই ম্যাচের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচও খেলার পরিকল্পনা রয়েছে। তবে ম্যাচ দুটির সূচি এখনো চূড়ান্ত হয়নি।
সর্বশেষ ২০১০ সালে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করেছিল বাংলাদেশ। এক যুগের বেশি সময় পর আগামী বছর আবারও ইংল্যান্ডের মাটিতে খেলতে যাবে টাইগাররা।
কয়েক মাস আগে ২০২৭ সালের আন্তর্জাতিক ক্রিকেট সূচি প্রকাশ করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সূচি অনুযায়ী, ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ২০২৭ সালের ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে ম্যাচটি। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে বাংলাদেশের।
তবে ইংল্যান্ড সফরের মূল ম্যাচের আগে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। পাশাপাশি সেখানে একটি প্রস্তুতি ম্যাচও খেলার পরিকল্পনা রয়েছে। যদিও এসব ম্যাচের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানিয়েছে, সফরের সূচিসহ আনুষঙ্গিক বিষয়গুলো দ্রুত চূড়ান্ত করে জানানো হবে।
এখন পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে দুটি টেস্ট খেলেছে বাংলাদেশ। প্রথমবার ২০০৫ সালে, এরপর ২০১০ সালে। ২০১০ সালের সফরে দুর্দান্ত দুটি সেঞ্চুরি করে আলোচনায় এসেছিলেন তামিম ইকবাল। বর্তমানে তিনি বিসিবির সভাপতি।
১৩৪ বার পড়া হয়েছে