সর্বশেষ

সারাদেশ

যশোর জেনারেল হাসপাতালে রোগীর চাপ, বাড়ছে সংক্রমণের ঝুঁকি

শিকদার খালিদ, যশোর
শিকদার খালিদ, যশোর

সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
যশোরে ডেঙ্গু, ডায়রিয়া, হাম ও নিউমোনিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের প্রকোপ বাড়ছে। এতে রোগীর চাপ বেড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা। নির্ধারিত শয্যার কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকায় ওয়ার্ডের পাশাপাশি বারান্দা ও করিডোরেও বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। পর্যাপ্ত আইসোলেশন ব্যবস্থা না থাকায় এক রোগী থেকে অন্য রোগীর মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে।

যশোরে বছরের শেষ দিকে এসে ডেঙ্গু, ডায়রিয়া, হাম ও নিউমোনিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের প্রকোপ বেড়েছে। প্রতিদিন নতুন রোগী ভর্তি হওয়ায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তৈরি হয়েছে অস্বাভাবিক পরিস্থিতি। শয্যাসংকটের কারণে অনেক রোগীকে ওয়ার্ডের বাইরে বারান্দা ও চলাচলের করিডোরে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সম্প্রতি হাসপাতাল ঘুরে দেখা গেছে, বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি বারান্দা ও করিডোরে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। এতে হাসপাতালের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে যেতে রোগীদের বিছানার পাশ ঘেঁষে চলাচল করতে হচ্ছে। প্রয়োজনীয় শয্যা ও সুযোগ-সুবিধার অভাবে রোগী এবং তাঁদের স্বজনদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

চিকিৎসাসেবার মান নিয়েও রোগী ও স্বজনদের মধ্যে অসন্তোষ রয়েছে। তাঁদের অভিযোগ, কয়েকজন জ্যেষ্ঠ চিকিৎসক হাসপাতালে দায়িত্ব পালনের পর দ্রুত ব্যক্তিগত চেম্বারে চলে যান। ফলে অনেক ক্ষেত্রে জুনিয়র ও ইন্টার্ন চিকিৎসকদের ওপর নির্ভর করতে হচ্ছে রোগীদের। এ ছাড়া উন্নত চিকিৎসার প্রয়োজন দেখিয়ে অন্য হাসপাতালে পাঠানোর প্রবণতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৮ শয্যার করোনারি কেয়ার ইউনিটসহ হাসপাতালটির মোট শয্যাসংখ্যা ২৭৮। অথচ গত রোববার এখানে ভর্তি ছিলেন ৯৭২ জন রোগী। অর্থাৎ নির্ধারিত শয্যার তুলনায় রোগীর সংখ্যা সাড়ে তিন গুণেরও বেশি। ভর্তি রোগীদের মধ্যে ডেঙ্গু আক্রান্ত ছিলেন ৬১ জন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন যশোর সদর উপজেলার সাতমাইল এলাকার রুবেল হোসেন (২৫) ও শেখহাটি এলাকার হাবিবা (১৬)। হাবিবার মা কাকলী বেগম অভিযোগ করে বলেন, সকালে কয়েকজন চিকিৎসক এসে তাঁর মেয়েকে চিকিৎসা দিয়ে গেছেন। কিন্তু দুপুর পর্যন্ত আর কোনো চিকিৎসক মেয়ের শারীরিক অবস্থার খোঁজ নেননি।

হাসপাতালের আরেকটি উদ্বেগজনক বিষয় হলো, ডেঙ্গু ও হামের মতো সংক্রামক রোগে আক্রান্ত রোগীদের সাধারণ রোগীদের সঙ্গে একই ওয়ার্ড ও করিডোরে রাখা হচ্ছে। পৃথক ওয়ার্ড কিংবা পর্যাপ্ত আইসোলেশন সুবিধা না থাকায় অন্য রোগীদের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এতে হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবা পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত যশোর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৩৪ জন। এ সময়ে ডেঙ্গুতে তিনজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১০৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৭ জন। চলতি বছরে এ পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৭২৫ জনে। ডেঙ্গু, ডায়রিয়া ও হামের রোগীদের জন্য পৃথক চিকিৎসাব্যবস্থা এবং পর্যাপ্ত জায়গা না থাকায় হাসপাতালের ওপর চাপ ক্রমেই বাড়ছে। ফলে সংক্রমণ নিয়ন্ত্রণের পাশাপাশি মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়েছে।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত বলেন, হাসপাতালে শয্যা রয়েছে ২৭৮টি। এর বিপরীতে রোগী ভর্তি আছেন তিন গুণেরও বেশি। অতিরিক্ত রোগীদের আলাদা করে রাখার মতো পর্যাপ্ত জায়গা হাসপাতালটিতে নেই। বাধ্য হয়ে একই স্থানে গাদাগাদি করে চিকিৎসা দিতে হচ্ছে। এতে একজনের রোগ অন্যজনের শরীরে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। চাইলেও এ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, কোনো রোগীকেই হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া যায় না। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেই চিকিৎসকেরা প্রচণ্ড চাপ নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন। তবে কোনো চিকিৎসকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পাওয়া গেলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০